‘শুধু গান নয়, অগণিত চাকরিজীবী মানুষের মনের কথা’
ফ্যাশন ডিজাইনার হিসেবে বিপ্লব সাহাকে সবাই চেনেন। তবে একক কোনো পরিচয়ের ছকে বাঁধা যায় না তাঁকে। তিনি একাধারে চিত্রশিল্পী, ফ্যাশন ডিজাইনার ও সংগীতশিল্পী। কয়েক বছর ধরে দুর্গোৎসবে নতুন গান নিয়ে আসছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবারও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নতুন গান নিয়ে এসেছেন। এবারের গানটির বিষয় ব্যতিক্রম, কর্মব্যস্ত মানুষের বর্তমান সময়ের বাস্তব চিত্র নিয়ে গান গাইলেন বিপ্লব সাহা। বিশ্বরঙের ব্যানারে গাওয়া গানটির শিরোনাম ‘পুজোয় ছুটি নাই’। গানটি গতকাল বিপ্লব সাহা ও বিশ্বরঙের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।
পূজার ছুটি নিয়ে কর্মজীবীদের উৎকণ্ঠা এবং পূজায় বাড়ি ফেরার আকুতি নিয়ে এই মিউজিক ভিডিও। জীবন ফারুকীর লেখা গানে সুর ও সংগীত করেছেন রাজন সাহা। মিউজিক ভিডিওর ভাবনা ও গল্প বিপ্লব সাহার। ফ্যাশন ডিরেকশনও করেছেন তিনি। গানটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন অভিনেতা আজম খান, শিপন মিত্র, এন কাজলসহ একঝাঁক তরুণ মডেল।
গত পূজায়ও ‘জয় দুর্গা মায়ের জয়’ শিরোনামে বিপ্লব সাহার গাওয়া একটি গান মুক্তি পেয়েছিল। এই গান প্রসঙ্গে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে তিনি লিখেছিলেন, ‘এটি কোনো গান নয়, অগণিত চাকরিজীবী মানুষের মনের কথা। দূর থেকে আমাকে উদ্যোক্তা বা ব্যবসায়ী মনে হলেও আমিও কিন্তু একজন চাকরিজীবী।’
তিনি আরও লিখেছিলেন, ‘এপার-ওপার দুই বাংলার একঘেঁয়েমি পূজার গানে যারা ক্লান্ত, গানটি তাদের জন্য।’
তিনি বলেন, ‘শিউলিঝরা সকাল, শরতের সোনালি রৌদ্র, কাশফুল আর শিউলি ফুলের সুগন্ধ যখন চারপাশের পরিবেশকে মাতোয়ারা করে তোলে, তেমনি এই সময়ে চলতে থাকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আয়োজন। সব মিলিয়ে এই ঋতুতে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আরাধনায় মেতে ওঠেন মানুষ। সেই আনন্দকে আরও বাড়িয়ে দিতে প্রতিবছর নতুন নতুন গান করি।’ বিপ্লব সাহা জানান, শনিবার গানটি প্রকাশের পর থেকেই পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছ উৎসাহ ও অনুপ্রেরণা পাচ্ছেন। কল্পলোক ক্রিয়েটিভ ফ্যাক্টরির প্রযোজনায় মিউজিক ভিডিওটির ডান্স কোরিওগ্রাফি করেছেন মোস্তাফিজুর রহমান এবং তানভীর রাজ।
এই গানটির সঙ্গে কন্টেন্ট তৈরি করে টিকটক করলে জেতা যাবে গিফট ভাউচার। সেরা টিকটকার পাবেন ১০ হাজার টাকা মূল্যমানের গিফট ভাউচার। বিপ্লব সাহা তাঁর ভেরিফায়েড অ্যাকাউন্ট এ দেওয়া এক পোস্টে এ বিষয়টি নিশ্চিত করেছেন। ‘রং যেন মোর মর্মে জাগে’ এই স্লোগান নিয়ে ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার নেতৃত্বে ১৯৯৪ সালে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করে দেশের অন্যতম শীর্ষ পোশাক ব্র্যান্ড বিশ্বরঙ।