হাসিবের গানের মিউজিক ভিডিওতে কলকাতার নায়িকা
আবারও নতুন গান নিয়ে এল টিএম রেকর্ডস। এবার প্রকাশিত হলো তাদের নতুন গান ‘চল রাতকে করি ভোর, আমি হয়ে গেছি তোর’। তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে নতুন এ গানে কণ্ঠ দিয়েছেন হাসিব। কণ্ঠশিল্পী হাসিবের গানে মডেল হয়েছেন টলিউডের নায়িকা পূজা ব্যানার্জি ও বাংলাদেশের মডেল নিবির। সম্প্রতি টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।
টিএম রেকর্ডসে নিজের প্রকাশিত প্রথম গানে উচ্ছ্বসিত হাসিব। তিনি বলেন, ‘আমার শুরুটা যেহেতু ব্যান্ড থেকে, এ গানটা আমার জনরার সঙ্গে খুব যায়। এ রকম একটা ফাঙ্কি পপ গান পেয়েছি, তাই অন্য রকম ভালো লাগা ও প্রত্যাশা কাজ করছে। গানটি তৈরি করেছেন কৌশিক হোসেন তাপস। আশা করছি, আমার নতুন গানটি শ্রোতাদের ভালো লাগবে।’ তিনি আরও বলেন, ‘আড্ডা দিতে দিতেই চোখের সামনে আমাদের সবাইকে মুগ্ধ করে দিয়ে উপস্থিত কথায় যথাযথ সুর বসিয়ে দিলেন। তারপর গানটি আমাকে উপহার দিলেন।’
গানের মিউজিক ভিডিও প্রযোজনা ও এর স্টাইলিং করেছেন ফারজানা মুন্নী। টিএম রেকর্ডস মূলত বাংলাদেশের প্রতিষ্ঠান। নিয়মিত বাংলাদেশের শিল্পীদের নিয়ে গান প্রকাশ করছে। তবে প্রতিষ্ঠানটির ব্যানারে প্রকাশিত হওয়া গানগুলো দেশের শিল্পী থাকলেও গানের মডেল আনা হচ্ছে বাইরে থেকে।
গানের দৃশ্যায়ণ প্রসঙ্গে হাসিব বলেন, ‘একজন শিল্পীর জন্য একটি গানের মিউজিক ভিডিও এমন বিপুল বাজেটের, এমন উচ্চতার হতে পারে, যা ফারজানা মুন্নীর জন্য আমরা পাচ্ছি।’
একের পর এক মানসম্পন্ন গান ও তার চিত্রায়ণে শ্রোতাদের মাতিয়ে তুলছে টিএম রেকর্ডস। প্রকাশিত প্রতিটি গানই স্পর্শ করেছে শ্রোতাদের হৃদয়ে। ঈদুল আজহা উপলক্ষে প্রকাশিত লুইপা ও পাপনের ‘হারিয়ে গেলাম’ এবং ডোরার ‘পিরিতির কারবার’ ইতিমধ্যেই স্পর্শ করেছে কয়েক মিলিয়ন ভিউ। এবার প্রকাশিত হওয়া নতুন গান ‘চল রাতকে করি ভোর’ প্রকাশের ১০ ঘণ্টার মধ্যে ভিউ পেরিয়ে গেছে সাত লাখের গণ্ডি।