‘কে-পপ সংস্কৃতিতে আমরা প্রেম করতে পারি না’

লিসাইনস্টাগ্রাম থেকে

কে-পপ তারকা হিসেবে জীবনের অনেক কিছুই বিসর্জন দিতে হয়েছে ব্ল্যাকপিংকের লিসাকে। ক্যারিয়ারের শুরুতে নিজের মতামত প্রকাশ করতেও ভয় পেতেন তিনি। প্রেমের সম্পর্কও রাখতে হয়েছে গোপনে।

নিজের একক প্রামাণ্যচিত্র ‘অলওয়েজ লালিসা’-তে এ কথা বলেছেন লিসা। বৃহস্পতিবার কানাডার সংবাদমাধ্যম টরন্টো স্টার-এর এক প্রতিবেদনে উঠে এসেছে তাঁর কথাগুলো।

২০১১ সালে মাত্র ১৪ বছর বয়সে দক্ষিণ কোরিয়ায় যান লিসা। প্রশিক্ষণ নিতে যোগ দেন ওয়াইজি এন্টারটেইনমেন্টে। সেই সময়ের কথা মনে করে তিনি বলেন, ‘আমি মুখ খুলতে বা নিজের ভাবনা প্রকাশ করতে সাহস পেতাম না।’

লিসা
ইনস্টাগ্রাম থেকে

প্রশিক্ষণকালীন প্রতি মাসে নিজের পারফরম্যান্সের ভিডিও তৈরি করে কর্মকর্তাদের কাছে জমা দিতে হতো লিসাকে। সেই ভিডিও নিয়ে পাওয়া প্রতিক্রিয়ার কথা বলতে গিয়ে প্রামাণ্যচিত্রে কাঁদতেও দেখা যায় তাঁকে।

কে-পপ তারকাদের ব্যক্তিজীবনের নানা বিধিনিষেধের কথাও বলেছেন লিসা। বিশেষ করে প্রেমের সম্পর্ক নিয়ে তাঁর অভিজ্ঞতা ছিল কঠিন। লিসার ভাষায়, ‘কে-পপ সংস্কৃতিতে আমরা প্রেম করতে পারি না।’

তরুণ বয়সে কয়েকবার প্রেমে পড়েছিলেন লিসা। কিন্তু প্রতিবারই সম্পর্ক গোপন রাখতে হয়েছে। কারণ, তাঁর প্রেমের সম্পর্ক যেন ব্ল্যাকপিংকের জনপ্রিয়তায় কোনো প্রভাব না ফেলে, সেটাই ছিল তাঁর ভয়।

আরও পড়ুন

লিসার প্রথম একক স্টুডিও অ্যালবাম ‘অল্টার ইগো’ প্রকাশিত হয় গত বছর। অ্যালবামের গানেও উঠে এসেছে তাঁর ব্যক্তিগত জীবনের গল্প। ‘ড্রিম’ গানটি তৈরি হয়েছে অতীতের একটি গোপন সম্পর্ক থেকে অনুপ্রাণিত হয়ে।

গানটি প্রকাশের আগে সাবেক প্রেমিকের অনুমতিও নিয়েছিলেন লিসা। তিনি অনুমতি দিয়েছিলেন একটি শর্তে—তাঁর পরিচয় যেন ভক্তদের সামনে প্রকাশ না করা হয়।

এদিকে ২০২৩ সাল থেকে ফরাসি বিলাসপণ্য প্রতিষ্ঠান এলভিএমএইচের উত্তরসূরি ফ্রেদেরিক আর্নল্টের সঙ্গে লিসার প্রেমের গুঞ্জন ছিল। সম্প্রতি তাঁদের সম্পর্ক ভেঙে গেছে বলে খবর ছড়িয়েছে। এরপর থাই অভিনেতা ব্লু পংতিওয়াতের সঙ্গে লিসার প্রেমের গুঞ্জন শুরু হয়েছে।

কোরিয়া টাইমস অবলম্বনে