২৩ সপ্তাহ ধরে বিলবোর্ডের শীর্ষে, বিরল রেকর্ড গড়লেন মার্কিন গায়িকা
টানা ২৩ সপ্তাহ বিলবোর্ডের শীর্ষে থাকা—সংগীতের ইতিহাসে এমন নজির খুব বেশি নেই। সেই বিরল রেকর্ডই গড়লেন মার্কিন গায়িকা এলা ল্যাংলি। তাঁর জনপ্রিয় গান ‘“চুজিন” টেক্সাস’ বিলবোর্ড হট ১০০-র এক শীর্ষে টানা ২৩ সপ্তাহ অবস্থান করে ভেঙে দিয়েছে মারায়া কেরির দীর্ঘদিনের রেকর্ড।
‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ’ দিয়ে রেকর্ডটি করেছিলেন মারায়া কেরি। ১৯৯৪ সালে প্রকাশিত গানটি মোট ২২ সপ্তাহ বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে ছিল। গত সপ্তাহে কেরির গানটিকে ধরে ফেলে যৌথভাবে রেকর্ডটির মালিক হয় ‘“চুজিন” টেক্সাস’। আর এবার ২৩তম সপ্তাহে এককভাবে রেকর্ডের মালিক হলো এলা ল্যাংলির গান।
তবে রেকর্ডটি কত দিন ল্যাংলির দখলে থাকবে, সেটাই প্রশ্ন। কারণ, বড়দিনের মৌসুম এলেই প্রতিবছর আবার চার্টের শীর্ষে উঠে যায় কেরির ‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ’। ফলে বছরের শেষ দিকে গানটি আবার এক নম্বরে ফিরলে কেরির সামনে রেকর্ড পুনরুদ্ধারের সুযোগ তৈরি হতে পারে।
তবে সেই সময় আসার আগেই ল্যাংলির গানটি আরও কয়েক সপ্তাহ শীর্ষে থাকলে ব্যবধান আরও বাড়বে। আর সে সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
৪৮ সপ্তাহ ধরে চার্টে
‘“চুজিন” টেক্সাস’-এর সাফল্যের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, গানটি শুধু পুরোনো শ্রোতাদের ওপর নির্ভর করে এগোচ্ছে না। বিলবোর্ড হট ১০০-তে গানটির অবস্থানের ৪৮ সপ্তাহ পূর্ণ হয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক সময়ই গানটি ছিল এক নম্বরে।
এত দীর্ঘ সময় একটি গান শীর্ষে থাকলে সাধারণত শ্রোতাদের আগ্রহ কমতে শুরু করে। কিন্তু ‘“চুজিন” টেক্সাস’-এর ক্ষেত্রে ঘটছে উল্টোটা। এখনো নতুন শ্রোতা পাচ্ছে গানটি। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পপ রেডিও স্টেশনগুলো কান্ট্রি সংগীতের প্রতি আগের তুলনায় বেশি আগ্রহ দেখানোয় গানটি কান্ট্রির বাইরের শ্রোতাদের কাছেও পৌঁছে যাচ্ছে।
যদিও চলতি সপ্তাহে গানটির অফিশিয়াল স্ট্রিম কম হয়েছে—২ কোটি ১৮ লাখ, আগের সপ্তাহের তুলনায় যা ৯ শতাংশ কম—কিন্তু রেডিওতে গানটির শ্রোতা বেড়েছে। রেডিও এয়ারপ্লে থেকে গানটি পেয়েছে ৫ কোটি ৮৩ লাখ শ্রোতা, আগের সপ্তাহের তুলনায় যা ২ শতাংশ বেশি।
বিলবোর্ডের স্ট্রিমিং সং ও ডিজিটাল সং—দুই তালিকাতেই গানটি এখনো এক নম্বর।
অ্যালবামও সফল
এলা ল্যাংলির সাফল্য শুধু একটি গানেই সীমাবদ্ধ নেই। তাঁর অ্যালবাম ড্যান্ডেলিয়নও বিলবোর্ডে ভালো করছে। গত সপ্তাহে অ্যালবামটি আবার বিলবোর্ড ২০০-এর শীর্ষে ফিরেছিল। তবে চলতি সপ্তাহে জেনি আইকোর ওয়েস্টসাইড উইমজি প্রকাশের পর অ্যালবামটি নেমে গেছে ২ নম্বরে।
হট ১০০-এর শীর্ষ দশেও ল্যাংলির উপস্থিতি রয়েছে। ‘“চুজিন” টেক্সাস’ ১ নম্বরে থাকার পাশাপাশি তাঁর আরেক গান ‘বি হার’ রয়েছে ১০ নম্বরে।
শীর্ষ তিনেই কান্ট্রি সংগীত
চলতি সপ্তাহের বিলবোর্ড হট ১০০-এর শীর্ষ তিনটি জায়গাই দখল করেছে কান্ট্রি সংগীত। এক নম্বরে ল্যাংলির ‘“চুজিন” টেক্সাস’, দুইয়ে স্টেলা লেফটির ‘বস্টন’ আর তিনে মরগ্যান ওয়ালেনের ‘বিন বাই নাউ’।
স্টেলা লেফটির গানটিও এ সপ্তাহে কান্ট্রি এয়ারপ্লে তালিকায় প্রথমবারের মতো ১ নম্বরে উঠেছে।
শীর্ষ দশের বাকি গানগুলোর মধ্যে ৪ নম্বরে আরিয়ানা গ্রান্ডের ‘হেট দ্যাট আই মেড ইউ লাভ মি’, পাঁচে টেম ইমপালা ও জেনির ‘ড্রাকুলা’, ছয়ে টেলর সুইফটের সিনেমার গান ‘আই নিউ ইট, আই নিউ ইউ’, সাতে কারোল জির ‘বিবি ওয়াও’, ৮ ও ৯ নম্বরে অলিভিয়া ডিনের ‘সো ইজি (টু ফল ইন লাভ)’ এবং ‘ম্যান আই নিড’ রয়েছে।
সামনে পুরস্কারের মৌসুম
চার্ট সাফল্যের পাশাপাশি এলা ল্যাংলির সামনে ব্যস্ত পুরস্কারের মৌসুমও অপেক্ষা করছে। ১৬ নভেম্বর ঘোষণা করা হবে গ্র্যামি পুরস্কারের মনোনয়ন। ল্যাংলি এবার অনেকগুলো মনোনয়ন পেতে পারেন।
১৮ নভেম্বর হবে কান্ট্রি মিউজিক অ্যাসোসিয়েশন বা সিএমএ অ্যাওয়ার্ডস। এবারের সিএমএতে সবচেয়ে বেশি—৯টি—মনোনয়ন পেয়েছেন ল্যাংলি। ফলে চার্টের রেকর্ডের পর পুরস্কারের মঞ্চেও এখন তাঁর দিকে নজর থাকবে।
ভ্যারাইটি অবলম্বনে