৫৮ বছর আগে আজকের দিনে কানে হাজির ছিলেন জর্জ হ্যারিসন-রিঙ্গো স্টার
১৯৬৮ সালের ১৫ মে কান চলচ্চিত্র উৎসবে এক বিশেষ মুহূর্তের সাক্ষী হয়েছিল বিশ্ব সিনেমা। সেদিন ফরাসি রিভিয়ারার ক্রোয়াজেতে অনুষ্ঠিত হয় ‘ওয়ান্ডারওয়াল’ ছবির প্রিমিয়ার। আর সেই প্রিমিয়ারেই হাজির ছিলেন বিটলসের দুই সদস্য জর্জ হ্যারিসন ও রিঙ্গো স্টার। আজ সেই ঘটনার ৫৮ বছর পূর্ণ হলো।
এদিন জর্জ হ্যারিসনের স্ত্রী মডেল প্যাটি বয়েড আর রিঙ্গো স্টারের স্ত্রী মওরিন স্টার্কিও উপস্থিত ছিলেন।
প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনায় আসা ব্রিটিশ নির্মাতা জো ম্যাসট পরিচালনা করেন ‘ওয়ান্ডারওয়াল’। ছবিটিতে অভিনয় করেছিলেন জ্যাক ম্যাকগাওরান ও জেন বারকিন। ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল অনিতা প্যালেনবার্গকেও। সাইকেডেলিক ধাঁচের এই চলচ্চিত্রে এক নিঃসঙ্গ অধ্যাপকের কল্পনা ও বাস্তবতার মিশ্র গল্প তুলে ধরা হয়।
ছবিটির অন্যতম আকর্ষণ ছিল এর সংগীত। সংগীত পরিচালনা করেছিলেন জর্জ হ্যারিসন। এটিই ছিল চলচ্চিত্রে তাঁর প্রথম বড় কাজ। শুধু সংগীতই নয়, প্রযোজনার খরচেও ব্যক্তিগতভাবে সহায়তা করেছিলেন তিনি। পরে এই ছবির নাম থেকেই অনুপ্রাণিত হয়ে ব্রিটিশ ব্যান্ড ওয়েসিস তাদের জনপ্রিয় গান ‘ওয়ান্ডারওয়াল’-এর নামকরণ করে।
কান উৎসবে ছবিটির প্রদর্শনী ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হলেও সে সময় কোনো পরিবেশক পাওয়া যায়নি। পরে ১৯৬৯ সালের শুরুতে যুক্তরাজ্যে মুক্তি পায় ছবিটি। এর এক বছর পরই ভেঙে যায় দ্য বিটলস।