বলিউডের বাদশাহ–নোরা ফাতেহি আর বাংলাদেশের তাশফী—গানটি এখন ভাইরাল!
বলিউডের সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করলেন বাংলাদেশের তরুণ কণ্ঠশিল্পী তাশফী। জনপ্রিয় র্যাপার বাদশাহ এবং অভিনয়শিল্পী ও গায়িকা নোরা ফাতেহির সঙ্গে ‘সাজনা রে’ শিরোনামের একটি গানে সহযোগী শিল্পী হিসেবে কণ্ঠ দিয়ে এরই মধ্যে আলোচনায় এসেছেন তিনি। ভারতের শীর্ষ সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ থেকে গানটি ৩ এপ্রিল প্রকাশিত হওয়ার পর দ্রুতই শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। মুক্তির অল্প সময়ের মধ্যেই গানটির ভিউ ৭৬ লাখ ছাড়িয়ে গেছে, যা নতুন শিল্পী হিসেবে তাশফীর জন্য বড় অর্জন বলেই মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
গানটির সংগীত পরিচালনা করেছেন বাংলাদেশি তরুণ সংগীত পরিচালক সঞ্জয়, যিনি এর আগেও বলিউডের শিল্পীদের সঙ্গে বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন। ‘সাজনা রে’ গানের র্যাপ অংশসহ পুরো গানের কথা লিখেছেন বাদশাহ নিজেই। আধুনিক সাউন্ড, বড় আয়োজনের মিউজিক ভিডিও এবং জনপ্রিয় তারকাদের উপস্থিতি—সব মিলিয়ে গানটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
তবে এই বড় প্রজেক্টে যুক্ত হওয়ার গল্পটা তাশফীর জন্য ছিল একেবারেই অপ্রত্যাশিত। আজ সোমবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি জানান, গত বছরের শেষ দিকে ঢাকায় আসার পর সংগীত পরিচালক সঞ্জয় হঠাৎ করেই তাঁকে স্টুডিওতে ডেকে পাঠান। তাশফী বলেন, ‘সঞ্জয়ের সঙ্গে কাজ করার ইচ্ছা আমার অনেক দিনের। সে প্রায়ই বাংলাদেশে আসে-যায়। একদিন ফোন করে বলল, ‘স্টুডিওতে আসতে পারবা? একটা গান আছে।’ আমি গিয়ে গানটি শুনি এবং রেকর্ড করি। কিন্তু তখনো বুঝিনি, এই গানে পরবর্তী সময়ে বাদশাহ ও নোরা ফাতেহির মতো তারকারা যুক্ত হবেন। শুধু এটুকুই বলেছিলেন, গানটা দারুণ কিছু হবে।’
গানটি প্রকাশের সময় পুরো বিষয়টি জানার পর তাশফী যেমন অবাক হয়েছেন, তেমনি উচ্ছ্বাসও প্রকাশ করেছেন। তাঁর ভাষায়, ‘বলিউডের মতো বড় একটি ইন্ডাস্ট্রিতে, তা–ও আবার টি-সিরিজের ব্যানারে আমার প্রথম কাজ—এটা সত্যিই স্বপ্নপূরণের মতো। সঞ্জয়, বাদশাহ ও নোরা ফাতেহির মতো তারকাদের সঙ্গে একই গানে কণ্ঠ দেওয়া নিঃসন্দেহে ক্যারিয়ারের একটি আনন্দের ব্যাপার।’
এই অর্জনের পেছনে দীর্ঘদিনের সাধনা ও অপেক্ষার কথা উল্লেখ করে তাশফী বলেন, ‘আমি কৃতজ্ঞ—তবে এই মুহূর্তটাকে নিজের বলেও মনে করি। কারণ, এই জায়গায় পৌঁছাতে অনেক সময়, পরিশ্রম আর ধৈর্য লেগেছে।’ তিনি তাঁর পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘তোমরাই আমার শক্তির ভিত্তি।’ বন্ধুদের উদ্দেশে বলেন, ‘তোমরা সব সময় আমাকে এমনভাবে সমর্থন করেছ, যেন এই সাফল্য আগেই নিশ্চিত ছিল।’ আর ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘তোমাদের ভালোবাসা, বিশ্বাস আর অবিচল সমর্থনই আমাকে সামনে এগিয়ে নিয়েছে। এই অর্জন আমাদের সবার।’
তাশফী মনে করছেন, এই সাফল্য কেবল শুরু মাত্র। সামনে আরও আন্তর্জাতিক মানের কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে চান তিনি। তাঁর কথায়, ‘এ তো কেবল শুরু। ইনশা আল্লাহ, সামনে আরও ভালো কাজ নিয়ে আসতে চাই।’