আইমা বেগের বিচ্ছেদের গুঞ্জন
এক ইনস্টাগ্রাম পোস্টে নিজেকে ‘সিঙ্গেল’ বলে দাবি করেছেন পাকিস্তানি গায়িকা আইমা বেগ। পোস্টটির সূত্র ধরে স্বামী জেইন আহমেদের সঙ্গে আইমার বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে তাঁকে কালো পোশাকের সঙ্গে প্লাটিনাম ব্লন্ড চুল, ক্যাট-আই সানগ্লাস, রুপালি গয়না ও ব্লেজারে দেখা গেছে। ছবিগুলোর ক্যাপশনে আইমা লেখেন, ‘স্ট্যাটাস: সিঙ্গেল।’ সঙ্গে জুড়ে দেন শ্যাম্পেনের গ্লাসের ইমোজি।
আইমার এই পোস্টের পরই ভক্তদের মধ্যে নানা আলোচনা শুরু হয়। পরে সাংবাদিক মালিহা রেহমানের একটি পোস্টও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন আইমা। ওই পোস্টে মালিহা লিখেছিলেন, ‘সিঙ্গেল’ ঘোষণা করে দেওয়া ওই ক্যাপশনের মাধ্যমে আইমা যেন নিজের অবস্থান স্পষ্ট করেছেন। জবাবে আইমা লেখেন, ‘দ্য ট্রুথ’ (সত্য)—সঙ্গে দেন ১০০ নম্বরের ইমোজি।
বিয়ের এক বছর পর
২০২৫ সালের ৬ আগস্ট কানাডায় ঘরোয়া আয়োজনে বিয়ে করেন আইমা বেগ ও জেইন আহমেদ। জেইন আহমেদ বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড রাস্তার সহপ্রতিষ্ঠাতা। বিয়ের পর ইনস্টাগ্রামে ছবি দিয়ে নিজেদের বিয়ের খবর জানিয়েছিলেন তাঁরা। পরে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়।
এখনো আছে একসঙ্গে তোলা ছবি
বিচ্ছেদের গুঞ্জন ছড়ালেও আইমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জেইনের সঙ্গে তোলা কিছু ছবি এখনো রয়েছে। ফলে তাঁদের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আইমা কিংবা জেইনও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের খবর জানাননি।
এর আগে অসুস্থতা নিয়েও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন আইমা। মুখে আঘাত, ফ্লু ও গলাব্যথায় ভোগার কথা জানিয়ে তিনি লিখেছিলেন, ‘কেউ আমার যত্ন নিচ্ছে না, আমাকে আদর করুন।’ সেই পোস্টের পরও তাঁর ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের মধ্যে নানা আলোচনা হয়েছিল।
মাকে উৎসর্গ করে প্রথম অ্যালবাম
এদিকে সংগীত নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন আইমা বেগ। তাঁর প্রথম অ্যালবাম ‘গুড়িয়া’ প্রয়াত মায়ের স্মৃতির উদ্দেশে উৎসর্গ করেছেন তিনি। অ্যালবামটিকে শোক, নিরাময় ও আত্ম-অন্বেষণের যাত্রা হিসেবে বর্ণনা করেছেন এই গায়িকা।
এক্সপ্রেস ট্রিবিউন অবলম্বনে