‘সুরের ধারা’র বিশেষ উদ্যোগ
সংগীত শিক্ষার প্রতিষ্ঠান ‘সুরের ধারা’র ‘উন্নয়নের জন্য সংগীত’-এর আওতায় সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিভা প্রদর্শনের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি ১৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশান ক্লাবের ল্যাম্ডা বাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিভিন্ন দাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা।
‘সুরের ধারার’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রেনেটা লুক ডেসালিন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘সুরের ধারা’র কর্ণধার রেজওয়ানা চৌধুরী বন্যার একটি সুদূরপ্রসারী স্বপ্নের বাস্তব প্রতিফল ‘উন্নয়নের জন্য সংগীত’। ইউএনডিপির হাত ধরে ২০০৯ সালে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সুরের ধারা শুরু করেছিল প্রকল্পটি। পরে ‘শুকতারা প্রকল্প’-এর মাধ্যমে যৌনকর্মীদের শিশুদেরকেও এতে অন্তর্ভুক্ত করা হয়। অনুষ্ঠানে ‘উন্নয়নের জন্য সংগীত’ শিক্ষার্থীদের বিশেষ পরিবেশনা থাকবে।
সুরের ধারার ব্যতিক্রমী আয়োজন ‘উন্নয়নের জন্য সংগীত’ প্রকল্প। কার্যক্রমটির ছাত্রছাত্রী মূলত সুবিধাবঞ্চিত পরিবারের সদস্য। সমাজের অবহেলিত একটি অংশ যারা শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, শিল্প-সাহিত্য থেকে বঞ্চিত—সেসব ছেলেমেয়েদের আত্মপ্রত্যয়ী করে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে ‘উন্নয়নের জন্য সংগীত’।
লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চবিদ্যালয় সপ্তাহের তিন দিন এই কার্যক্রম অব্যাহত রেখেছে। এখানে যেসব ছাত্রছাত্রী শিক্ষা গ্রহণের জন্য আসে, তারা বিদ্যালয়ের পাঠ গ্রহণের পাশাপাশি প্রাইভেট পড়ার সুবিধা পায়। তাদের জন্য আলাদা ক্লাস নেওয়া হয়। ফলে টিউশনি বা প্রাইভেট পড়তে হয় না। এদের সপ্তাহে তিন দিন দুই বেলা খাবারের ব্যবস্থা করা হয়। যাতায়াতব্যবস্থা, স্কুলের পোশাকের ব্যবস্থাও করা হয়।
শিল্প-সাহিত্য, আবৃত্তি, ছবি আঁকা, খেলাধুলা, সংগীত, নৃত্য, কম্পিউটার প্রযুক্তির ধারণা—যে বিষয়ে তারা আগ্রহী, তাদের সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এই কার্যক্রমে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ১৫০। শিশুদের তাদের মৌলিক অধিকার সম্পর্কে সচেতন এবং তাকে শিল্প-সংস্কৃতিমনস্ক করে গড়ে তোলাই প্রধান উদ্দেশ্য বলে জানিয়েছেন বন্যা।
এ প্রসঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা জানান, সুবিধাবঞ্চিত শিশুরা যেন আনন্দ-বিনোদনের মাধ্যমে বড় হয়, তাদের অধিকার সম্পর্কে সচেতন এবং তারা প্রতিষ্ঠিত সুনাগরিক হয়ে দেশের উন্নয়নে সম্পৃক্ত হতে পারে—সেই দায়িত্ববোধ থেকেই সুরের ধারার পাশাপাশি ‘উন্নয়নের জন্য সংগীত’ কাজ করে যাচ্ছে। তিনি দেশের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।