বিয়ে করছেন ‘গোল্ডেন’ গায়িকা

বাগদত্ত স্যাম কিমের সঙ্গে ইজেশিল্পীর ইনস্টাগ্রাম থেকে

ফুরফুরে মেজাজে রয়েছেন ‘গোল্ডেন’ গায়িকা ইজে। অ্যানিমেশন সিনেমা ‘কে-পপ ডেমন হান্টারস’–এ ‘গোল্ডেন’ গানটি গেয়ে দুনিয়াজুড়ে খ্যাতি পেয়েছেন তিনি।

এর মধ্যে ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করে চমকে দিয়েছেন ইজে। ইজেকে ঘিরে তুমুল আলোচনার মধ্যে এবার বিয়ের খবর সামনে এল।

আগামী নভেম্বরে বিয়েটা সারছেন ইজে, এর মধ্যে বাগদানও সেরেছেন। বাগদত্ত স্যাম কিমের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন। মেক্সিকো সিটিতে বিশ্বকাপের মঞ্চে গেয়েছেন ইজে, সেদিন তাঁর সঙ্গে স্যাম কিমও ছিলেন।

ইজে
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

এস্তাদিও আজতেকায় তোলা কয়েকটি ছবি বুধবার ইনস্টাগ্রামে পোস্ট করে এই সংগীতশিল্পী লিখেছেন, ‘অসাধারণ এক অভিজ্ঞতা! মেক্সিকো সিটি, তুমি সত্যিই সুন্দর।’
এর মধ্যে একটি ছবিতে দেখা যায়, দুজন একে অপরের গালে গাল লাগিয়ে দাঁড়িয়ে আছেন। রোমান্টিক ছবিটি নিয়ে আলোচনা করছেন অনুরাগীরা।

বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে এস্তাদিও আজতেকায় মঞ্চে ওঠেন ইজে। সেখানে তিনি ইতালীয় টেনর গায়ক আন্দ্রেয়া বচেল্লির সঙ্গে ‘ডিএনএ’ পরিবেশন করেন। গানটির রেকর্ডেড সংস্করণে ডেভিড গেত্তা ও মেগান থি স্ট্যালিয়নও রয়েছেন। আর গানটির কোরীয় ভাষার অংশের কথা লিখেছেন ইজে।

পারফরম্যান্সের সময় ড্রেস শুর বদলে স্নিকার্স পরার কারণেও আলোচনায় আসেন এই গায়িকা। জানা গেছে, স্টেডিয়ামের ঘাসের ক্ষতি কমাতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছিলেন।

নেটফ্লিক্সের অ্যানিমেটেড চলচ্চিত্র ‘কে-পপ ডেমন হান্টারস’ ছবিতে রুমি চরিত্রের গানের কণ্ঠ দিয়েছেন ইজে। ছবিটির আলোচিত গান ‘গোল্ডেন’ গাওয়ার পাশাপাশি গানটির সহলেখক ও সহসুরকার ছিলেন।

কোরিয়া টাইমস অবলম্বনে