বাউল ও ট্রুবাডোর সংগীত নিয়ে এডিনবারা ফ্রিঞ্জ ফ্যাস্টিভালে যোগ দিচ্ছে সৌধ
শিল্প-উৎসব এডিনবারা ফ্রিঞ্জে এ বছর দ্বিতীয়বারের মতো যোগ দিতে যাচ্ছে ব্রিটেনে দক্ষিণ এশীয় ধ্রুপদি শিল্প সংস্থা সৌধ সোসাইটি অব পোয়েট্রি অ্যান্ড ইন্ডিয়ান মিউজিক। বাংলা বাউল ও বৈষ্ণব গানের সঙ্গে ইউরোপীয় দ্বাদশ ও ত্রয়োদশ শতকের বিশেষ সংগীত—ট্রুবাডোরের এক মৌলিক এবং স্বতঃস্ফূর্ত মিশেল দিয়ে রচিত হয়েছে এই পরিবেশনার প্রধান ভিত। ‘বাউল, ট্রুবাডোর অ্যান্ড ভার্সেস অন লাভ, লাস্ট অ্যান্ড ফ্লেম’ শিরোনামে এই অনুষ্ঠানে শরীরী প্রণয় ও পুজো নিয়ে রচিত বাউল, বৈষ্ণব ও ট্রুবাডোর গানের পাশাপাশি পঠিত হবে মধ্যযুগের অন্যতম প্রধান কবি বিদ্যাপতি, কবি মোহিতলাল মজুমদার, পারস্যের কবি হাফিজ, রুমী, ফরাসি কবি বোদেলেয়ার এবং গ্রিক কবি কাভাফির কবিতা। এই বিশেষ পরিবেশনা মঞ্চায়িত হবে এডিনবারার ইউক্রেনীয় সেন্টার হিসাবে পরিচিত একুইস্টিক মিউজিক সেন্টারে, ১৭ আগস্ট বুধবার সন্ধ্যা সাতটায়।
এই বিশেষ আয়োজনের পরিচালক ও সৌধের প্রতিষ্ঠাতা টি এম আহমেদ কায়সার বলেন, বিশ্বের দুই প্রাচীন সংগীতের এক অপূর্ব অভিসার দিয়ে আমরা প্রকারান্তরে এই দুই সংগীতকেই নতুনভাবে এবং আরও নিবিড়ভাবে অবলোকন, এদের নতুন ব্যাখ্যা নির্মাণের প্রয়াস চালিয়েছি। দুই ভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য থেকে উৎসারিত হলেও এই দুই ধারার সংগীতের রস, আবেগ এবং অভ্যন্তরীণ শৃঙ্খলার মধ্যে রয়েছে এক আশ্চর্য অন্বয়। তার সঙ্গে শরীরী প্রণয় ও মোহ নিয়ে বিশ্বের কিছু মহান কবিদের অসামান্য পঙ্ক্তিমালা গানের অন্তর্নিহিত আবহকে আরও বিপুল অর্থপূর্ণ করে তুলবে বলে মনে করি। এর সঙ্গে থাকছে সুফি-নৃত্য, যাতে বাউল গানের ভাব-সৌন্দর্য আরও তাৎপর্যপূর্ণ, আরও মূর্ত হয়ে ধরা দেবে।
সৌধের এই অভিনব পরিবেশনায় থাকছেন শুবার্ট-শিল্পী এরিক শিলান্ডার, কবি টি এম আহমেদ কায়সার, আবৃত্তিশিল্পী পপি শাজনাজ মানস চৌধুরী, কবি শ্রী গাঙ্গুলি, লোকনৃত্যশিল্পী সোহেল আহমেদ প্রমুখ।
এ বছর পালিত হচ্ছে এডিনবারা ফ্রিঞ্জ ফেস্টিভ্যালের ৭৫তম আয়োজন। ৫ আগস্ট থেকে শুরু হওয়া বিশ্বের এই সর্ববৃহৎ শিল্প-উৎসবে বিশ্বের ৫৮টি দেশের ৪৯ হাজার ৮২৭ জন শিল্পী যোগ দিচ্ছেন ৩ হাজার ১৭১–এরও বেশি অনুষ্ঠানমালায়। উৎসব চলবে ২৯ আগস্ট পর্যন্ত একটানা।