সত্যিই কি মঞ্চকে বিদায় জানিয়েছেন ওয়ারফেজের কমল, যা জানালেন এ গিটারিস্ট
গতকাল সোমবার ফেসবুকে খবর ছড়ায় ‘কনসার্টের মঞ্চকে বিদায় জানিয়েছেন ওয়ারফেজের ইব্রাহিম আহমেদ কমল’। সেখানে জানানো হয়, কানের সমস্যায় ডাক্তারের নিষেধাজ্ঞায় আর মঞ্চে পাওয়া যাবে না তাঁকে। তবে এ গিটারিস্ট প্রথম আলোকে জানিয়েছেন, খবরটি সম্পূর্ণ মিথ্যা। তিনি অবসর নিচ্ছেন না, কানের সমস্যায় ডাক্তারের পরামর্শে বিশ্রামে যাচ্ছেন। বিশ্রাম শেষে আবার ফিরে আসবেন।
কমল প্রথম আলোকে বলেন, ‘ফেসবুকে গুজব দেখে অনেকেই ফোন করছেন। সবার কথা শুনে অবাকই হয়েছি। সবাইকে নিশ্চিত করতে চাই ডাক্তারের পরামর্শ মেনে আমি কিছুদিন মঞ্চ থেকে দূরে থাকব। একটু ভালো ফিল হলে ফিরে আসব। এসব গুজবে কেউ বিভ্রান্ত হবেন না। আমি ফেসবুকে সব ক্লিয়ার করেছি।’
এর আগে বিষয়টি নিয়ে ফেসবুকে কমল জানান, তাঁর কানের অবস্থা খুবই খারাপ। ডাক্তারের পরামর্শ অনুযায়ী এখন আর শো করবেন না।
কমল ফেসবুকে লিখেছেন, ‘গরমে ওপেন এয়ার কনসার্ট করে আমি সব সময় অসুস্থ হয়ে যাই। জুলাই মাসে দুটি শো করে তা–ই হয়েছি। দ্বিতীয় কনসার্টটি করার পরে এমনই ডিহাইড্রেটেড এবং অসুস্থ হলাম যে পরদিন ইমার্জেন্সিতে হসপিটালে যেতে হলো। এর ফল হিসেবে আমি ওয়ারফেজের ইউকে ট্যুরে প্লেনে উঠতে পারলাম না।’
আয়োজকদের উদ্দেশে ওয়ারফেজের এ প্রতিষ্ঠাতা সদস্য লিখেছেন, ‘কনসার্টের আয়োজকদের কিছু কথা মনে থাকা উচিত। গরমকালে ওপেন এয়ার কনসার্টে স্টেজে পারফরমারদের জন্য পানি, স্যালাইন, ফ্যান, ইলেকট্রিক কুলার, পোর্টেবল এসি—এগুলোর ব্যবস্থা করা উচিত। এ ছাড়া স্টেজে অবাঞ্ছিত মানুষের আনাগোনা বন্ধ করতে হবে।’
মিউজিশিয়ানদের উদ্দেশ করে কমল লিখেছেন, ‘আমি স্টেজে পারফর্ম করে যে অল্পস্বল্প টাকাপয়সা উপার্জন করি, সেটা দিয়ে আমার সংসার চালাতে হয় না দেখে আমি ভাগ্যবান। কিন্তু বাকি উঠতি মিউজিশিয়ানরা, যারা প্রফেশনালি মিউজিক করে, তাদের এই ব্যাপারে অত্যন্ত কঠোর হতে হবে।’
সব শেষে কমল লিখেছেন, ‘বাংলাদেশের পারফর্মিং মিউজিশিয়ানদের যত্ন নেবেন প্লিজ। স্টেজে উঠে আমরা মাথার ঘাম পায়ে ফেলে পারফর্ম করি। আপনারা আমাদের কে দয়া করেন।’