৪০ বছর বয়সে প্রথম সন্তানের মা হলেন লেডি গাগা

লেডি গাগা। রয়টার্স

পপসংগীত তারকা লেডি গাগা প্রথম সন্তানের মা হয়েছেন। বাগ্‌দত্তা মাইকেল পোলানস্কির ঔরসে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন ৪০ বছর বয়সী এই গ্র্যামিজয়ী গায়িকা। গাগার ঘনিষ্ঠ একটি সূত্র পিপল সাময়িকীকে এ তথ্য জানিয়েছে। তবে সন্তানের জন্মের তারিখ, নাম সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। গাগার মা হওয়ারখবরটি প্রথমে প্রকাশ করে বিনোদনবিষয়ক গণমাধ্যম পেজ সিক্স।

ভক্তদের কাছে লেডি গাগা বহু বছর ধরেই ‘মাদার মনস্টার’ নামে পরিচিত। এবার সেই ডাকনাম যেন নতুন অর্থ পেল। দীর্ঘদিন ধরেই মা হওয়ার ইচ্ছার কথা বলে আসছিলেন এই গায়িকা। ২০১৯ সালের ডিসেম্বরে ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে নিজের আগামী ১০ বছরের পরিকল্পনা নিয়ে কথা বলেছিলেন তিনি। সেখানে সিনেমায় আরও কাজ করার পাশাপাশি সন্তান নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন।
গাগা বলেছিলেন, ‘আমি আরও সিনেমায় কাজ করতে চাই, আমি সন্তান নিতে চাই।’

‘মা হওয়া আমার পরবর্তী প্রধান চরিত্র’
২০২০ সালের মার্চে ইনস্টাইল সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে মা হওয়ার ইচ্ছা নিয়ে আরও খোলামেলা কথা বলেন গাগা। তিনি বলেন, ‘আমি সন্তান নেওয়ার ব্যাপারে খুবই উচ্ছ্বসিত। মা হওয়ার জন্য মুখিয়ে আছি। ভাবুন তো, আমরা কী অসাধারণ কাজ করতে পারি! নিজের শরীরের ভেতর একটি মানুষকে ধারণ করে তাকে বেড়ে উঠতে সাহায্য করি। এরপর সে পৃথিবীতে আসে, আর তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের।’
ভক্তদের কাছে ‘মাদার মনস্টার’ হিসেবে পরিচিত হওয়ার প্রসঙ্গও উঠে আসে সেই সাক্ষাৎকারে।

মাতৃত্বের আকাঙ্ক্ষার কথা আরও একবার প্রকাশ্যে আসে ২০২৫ সালের অক্টোবরে। দ্য লেট শো উইথ স্টিফেন কলবার্ট অনুষ্ঠানে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলার সময় গাগা বলেন, জীবনে অনেক কিছু করতে চান তিনি। তবে তাঁর সবচেয়ে বড় ইচ্ছা, মা হওয়া।

লেডি গাগা। রয়টার্স

গাগার ভাষায়, ‘আমি অনেক কিছু করতে চাই। এসবের সবই এখনো সম্ভব। কিন্তু সত্যি বলতে, আমি মা হতে চাই। আশা করি, এটাই হবে আমার পরবর্তী প্রধান চরিত্র।’
এবার সেই ইচ্ছাই পূরণ হলো।

মাইকেল পোলানস্কির সঙ্গে প্রেম, তারপর বাগ্‌দান
২০২০ সালে লেডি গাগা ও প্রযুক্তি উদ্যোক্তা মাইকেল পোলানস্কির সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। লাস ভেগাসে নববর্ষের এক পার্টিতে তাঁদের চুম্বনের ছবি ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা। ওই বছরের সুপার বোলের সময় মায়ামিতে একসঙ্গে দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন তাঁরা।
করোনাভাইরাস মহামারির সময় একসঙ্গে কোয়ারেন্টিনে ছিলেন গাগা ও পোলানস্কি। এতে তাঁদের সম্পর্ক আরও গভীর হয়। ২০২০ সালের এপ্রিলে গায়িকার ঘনিষ্ঠ একটি সূত্র পিপলকে জানিয়েছিল, তাঁরা গাগার বাড়িতে সময় কাটাচ্ছেন এবং ঘরে বসে খাবার অর্ডার করছেন।

আরও পড়ুন

পরবর্তী বছরগুলোতে নিজেদের ব্যক্তিগত জীবন অনেকটাই আড়ালে রেখেছেন এই জুটি। তবে একে অপরের কাজ ও উদ্যোগে সমর্থন দিয়ে গেছেন তাঁরা। ২০২১ সালের নভেম্বরে একটি সূত্র জানিয়েছিল, সমাজসেবামূলক কাজের প্রতি দুজনের আগ্রহ তাঁদের আরও কাছাকাছি এনেছে।

মাইকেল পোলানস্কি ক্যানসার ইমিউনোথেরাপি নিয়ে কাজ করা পার্কার ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক। অন্যদিকে গাগা ২০১২ সাল থেকে নিজের প্রতিষ্ঠান বর্ন দিস ওয়ে ফাউন্ডেশনের মাধ্যমে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরিতে কাজ করছেন।
গাগা ও পোলানস্কির সম্পর্ক নিয়ে ঘনিষ্ঠ সূত্রটি বলেছিল, ‘মাইকেল খুবই মিষ্টি ও সহায়ক একজন মানুষ। তিনিও কঠোর পরিশ্রম করেন, তাই গাগার কাজের প্রতি মনোযোগকে বোঝেন। তাঁরা দারুণ একটি জুটি।’

২০২৪ সালের জুলাইয়ে তাঁদের বাগ্‌দানের খবর প্রকাশ্যে আসে। প্যারিস অলিম্পিক চলাকালে ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতালের সঙ্গে দেখা হওয়ার সময় গাগা পোলানস্কিকে নিজের ‘বাগ্‌দত্তা’ হিসেবে পরিচয় করিয়ে দেন। আতাল পরে টিকটকে সেই মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেন।

সেই থেকে গাগা ও পোলানস্কির সম্পর্ক আরও পরিণত হয়েছে। এবার তাঁদের জীবনে যোগ হলো নতুন অধ্যায়—প্রথম সন্তান; আর ভক্তদের কাছে ‘মাদার মনস্টার’ নামটি পেল বাস্তব জীবনের নতুন তাৎপর্য।