অঙ্ক খাতায় আঁকা বিড়ালের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিথিদের সঙ্গে নিজের আঁকা চিত্রকর্ম দেখছেন সংগীতশিল্পী কনকচাঁপা
অতিথিদের সঙ্গে নিজের আঁকা চিত্রকর্ম দেখছেন সংগীতশিল্পী কনকচাঁপা

ছেলেবেলায় সবারই আঁকার অভ্যাস থাকে। সেই ছবিগুলো দীর্ঘদিন জমিয়ে রাখেন কজন! কণ্ঠশিল্পী কনকচাঁপার গত ৪০ বছরে আঁকা কিছু ছবি বেরিয়েছে ঘর থেকে। সেগুলো নিয়ে গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালার ৪ নম্বর গ্যালারিতে শুরু হয়েছে তাঁর প্রথম একক চিত্র প্রদর্শনী ‘দ্বিধার দোলাচল ২০১৬’।
ছবিগুলো আঁকার মাধ্যম মূলত চারটি। অথচ রং, কলম, পাতা, চুমকি, সুই-সুতা, দৈনিক পত্রিকা—এ রকম নানা উপকরণে তিনি এঁকেছেন শ–খানেক ছবি। বললেন, ‘আমি তো স্বাধীন। হাতের কাছে যা পেয়েছি, তা দিয়েই এঁকে ফেলেছি।’ এসব ছবি দেখতে হাজির হয়েছিলেন অনেক দর্শনার্থী। কনকচাঁপা জানান, ছোটবেলায় তিনি অঙ্ক খাতায় বিড়ালের ছবি এঁকেছেন। তাতে শিক্ষকেরা উৎসাহ দিয়েছেন। এই ছবিগুলো আঁকার ক্ষেত্রেও পেয়েছেন সবার উৎসাহ। প্রদর্শনীতে তাঁর বাবার আঁকা একটি ছবিও আছে।
কণ্ঠশিল্পীর আঁকা ছবি দেখে চিত্রশিল্পী কনকচাঁপা চাকমা বললেন, ‘ছবিগুলোতে শিশুর সরলতা আছে। অঙ্কনের ব্যাকরণ না জানলেও ছবিতে গল্প বলতে পেরেছেন তিনি। আঁকার যেহেতু বয়সসীমা নেই, তিনি এঁকে গেলে আরও ভালো করবেন।’
প্রদর্শনীর উদ্বোধন করেন আবদুল্লাহ আবু সায়ীদ। উপস্থিত ছিলেন শিল্পী ফেরদৌসী রহমান। এটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত শিল্পী খালিদ মাহমুদ মিঠুকে। কাল রোববার বিকেল পাঁচটা পর্যন্ত প্রদর্শনী চলবে।