অজিত রায়কে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অভ্যুদয় সংগীত অঙ্গন’–এর শিল্পীরা অজিত রায়ের স্মরণ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন
‘অভ্যুদয় সংগীত অঙ্গন’–এর শিল্পীরা অজিত রায়ের স্মরণ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন

স্বাধীনতা-পরবর্তী দিনগুলোতে বাংলাদেশের জাতীয় সংগীতকে উদাত্তকণ্ঠে দেশব্যাপী পরিবেশন করে আলোড়িত করেছিলেন শিল্পী অজিত রায়। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান পরিবেশন করে মুক্তিকামী মানুষদের উদ্দীপ্ত করেছিলেন তিনি। এ দেশের অগ্রগণ্য অনেক গীতিকারের রচনা অজিত রায়ের সুরে অমর হয়ে আছে আমাদের সংগীতে। এই গুণী শিল্পীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর অনুপ্রেরণায় প্রতিষ্ঠিত সংগঠন ‘অভ্যুদয় সংগীত অঙ্গন’ গত রোববার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে আয়োজন করে স্মৃতিচারণা এবং সংগীতানুষ্ঠান।
শিল্পী প্রদ্যোত মজুমদারের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক সুমন বসাকের স্বাগত বক্তব্যের পর আলোচনা পর্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গানে গানে অজিত রায়ের প্রাণ মাতানো ভূমিকার কথা উল্লেখ করেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন এবং সংগীতজ্ঞ হাসিনা জাকারিয়া।
অনুষ্ঠান শুরু হয় কবি সুকান্ত ভট্টাচার্যের ‘হে মহামানব’ কবিতার সমবেত পরিবেশনা দিয়ে। এরপর রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শাশ্বতী তালুকদার ও তৃপ্তি দাশ। শেষ পর্বে অজিত রায়ের সুরারোপিত ১২টি গানের মধ্যে পরিশীলিত পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেন অভ্যুদয়ের শিল্পীরা। এ ছাড়া ছিল অজিত রায়ের সুরারোপে কাজী নজরুল ইসলামের ‘ধূমকেতু’ কবিতার সমবেত পরিবেশনা। অনুষ্ঠানটি শেষ হয় ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা’ গানের মধ্য দিয়ে।