অঞ্জন দত্তের নতুন গান শুনতে চান?
>

• চার বছর পর আবার নতুন গান করছেন অঞ্জন দত্ত।
• এবারের অ্যালবাম ‘আমি আসব ফিরে’।
• ‘সিগারেট’ আর ‘কত কত একা একা’ শিরোনামে দুটি গান গেয়েছেন।
২০১৪ সালে নিজের বয়স নিয়ে অ্যালবাম করেছিলেন অঞ্জন দত্ত। নাম ‘ঊনষাট’। এরপর তাঁর গাওয়া আর কোনো নতুন গান শোনা যায়নি। এখন তিনি খুব ব্যস্ত চলচ্চিত্র নিয়ে। চলচ্চিত্রে অভিনয় করছেন সেই ১৯৮১ সাল থেকে। এ পর্যন্ত ৪০টি চলচ্চিত্রে কাজ করেছেন। এর মধ্যে ২০টি ছবি পরিচালনা করেছেন আর অভিনয় করেছেন ২৭টিতে। ৭টি ছবিতে পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন। চার বছর পর আবার নতুন গান করছেন তিনি। সঙ্গে নিয়েছেন ছেলে নীলকে। অঞ্জন দত্তের এবারের অ্যালবাম ‘আমি আসব ফিরে’।
নিজের খুব জনপ্রিয় গান ‘রঞ্জনা আমি আর আসব না’ নামে অঞ্জন দত্ত একটি ছবি করেছিলেন ২০১১ সালে। তাঁর নতুন ছবির নাম ‘আমি আসব ফিরে’। অনেকেই ভেবেছিলেন ‘রঞ্জনা আমি আর আসব না’ ছবির সিক্যুয়াল বানাচ্ছেন তিনি। অঞ্জন দত্ত বললেন, ‘ওই ছবির সঙ্গে নতুনটির কোনো সম্পর্ক নেই।’
ছেলে জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক নীলের সঙ্গে অঞ্জন দত্ত অ্যালবাম করেছিলেন, তা প্রায় ১১ বছর হলো। ওই অ্যালবামের নাম ‘আমি আর গোডো’। এবারও ছেলেকে সঙ্গে নিয়ে গানে ফিরছেন অঞ্জন দত্ত। ‘আমি আসব ফিরে’ ছবির গানের অ্যালবামে আছে সাতটি গান। সব কটি গানই লিখেছেন অঞ্জন দত্ত, সুর ও সংগীত পরিচালনা করেছেন নীল।
নিজের নতুন গান নিয়ে অঞ্জন দত্ত বললেন, ‘ইদানীং হিংসা, মৃত্যু, হানাহানি বেড়ে গেছে। চারদিকে অস্বস্তিকর পরিবেশ। সংগীতই পারে এই অবস্থার বদল ঘটাতে। ভালো গান কীভাবে একটা পরিবেশ বদলে দিতে পারে, তাই নিয়ে “আমি আসব ফিরে”। মিউজিক্যাল সাধারণত হয়, যারা গান গায়, তাদের নিয়ে। এই অ্যালবাম তৈরি হয়েছে যারা গান শোনে, তাদের নিয়ে।’
‘আমি আসব ফিরে’ অ্যালবামে অঞ্জন দত্ত গেয়েছেন ‘সিগারেট’ আর ‘কত কত একা একা’ শিরোনামে দুটি গান। ছেলে নীলের সঙ্গে গেয়েছেন ‘লাই লা লাই’ শিরোনামে মজার গান। এই গান নিয়ে অঞ্জন দত্ত বললেন, ‘এই গানে ইতিবাচক বার্তা রয়েছে। একদিন যেন পৃথিবীতে সবকিছু ঠিকঠাক হয়, এ আশা নিয়ে গানটা তৈরি। নাইবা হলো বাস্তবে, কিন্তু ভাবতে আপত্তি কোথায়!’ নীল একা গেয়েছেন তিনটি গান, ‘আমি আসব ফিরে’, ‘মন খারাপের বিকেলে’ আর ‘সকাল’। ‘যায় ফুরিয়ে’ গানটি গেয়েছেন অম্লান। সব কটি গানেই রয়েছে অঞ্জন দত্তের সিগনেচার স্টাইল।
‘আমি আসব ফিরে’ শিরোনামের গান নিয়ে অঞ্জন দত্ত বলেছেন, ‘রঞ্জনা যেমন বলেছিল আমি আসব না, এখানে গানের কথায় রয়েছে আমি ফিরে আসব তোমার পাড়ায়।’ আরও বললেন, ‘আমার গান শুনেও কেউ মাদক ছেড়েছে, কারও আবার ভাঙা সম্পর্ক জোড়া লেগেছে। তুমি না থাকলে, যদি ভালোবাসা হয় তাহলে এই ছবি আশাকে সেলিব্রেট করবে।’
‘আমি আসব ফিরে’ ছবিতে অভিনয় করেছেন স্বস্তিকা, শৌরসেনী, কৌশিক সেন, অঞ্জনা বসু, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দর্শনা আর কয়েকজন নতুন শিল্পী।