অণিমা রায়ের 'প্রাণের মাঝে'

রবীন্দ্রসংগীতশিল্পী অণিমা রায়ের নতুন অ্যালবাম ‘প্রাণের মাঝে আয়’ বাজারে বেরিয়েছে আজ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম পর্বের ১২ টি গান দিয়ে সাজানো এই অডিও অ্যালবামটি বের করছে লেজার ভিশন। এটি বাংলাদেশে অণিমা রায়ের প্রকাশিত ৬ষ্ঠ একক অ্যালবাম। এরই মধ্যে ওপার বাংলা থেকে অণিমার দুটি একক অ্যালবাম বেরিয়েছে।
‘প্রাণের মাঝে আয়’ অ্যালবাম প্রসঙ্গে অণিমা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম পর্যায়ের নির্বাচিত ২৫টি গান নিয়ে আমার দুটি অ্যালবাম করার পরিকল্পনা ছিল। রবি ঠাকুরের জন্মবার্ষিকী ২৫ বৈশাখে ১৩টি গান নিয়ে প্রথম পর্বের অ্যালবাম ‘তোমারও বিরহে’ বাজারে আসে লেজার ভিশনের ব্যানারে। এবার বাকি ১২টি প্রেম পর্যায়ের গান নিয়ে দ্বিতীয় পর্বটি আজ বের হচ্ছে।
অণিমার এবারের অ্যালবামটির গানগুলোর মধ্যে রয়েছে ‘আমার প্রাণের মানুষ’, ‘প্রাণ চায় চক্ষু না চায়’, ‘দূরে কোথাও দূরে দূরে’, ‘আমার প্রাণের পরে চলে গেলে’, ‘এসো এসো আমার ঘরে এসো’, ‘আমার প্রাণের মাঝে আছে সুধা’, ‘আমি জেনে শুনে বিষ করেছি পান’, ‘পুরোনো সেই দিনের কথা’, ‘এই কথাটি মনে রেখ’, ‘যদি বারণ কর গাহিব না’, ‘আমি তোমারইও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ’।
অণিমা আরও বলেন, হেমন্ত মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, সাগর সেন— গুণী এই শিল্পীদের কণ্ঠে প্রেম পর্যায়ের গানগুলো সমৃদ্ধ হয়েছে। সেখান থেকে ২৫টি গান নতুন সংগীতায়োজনে আমি গাওয়ার চেষ্টা করেছি। পুরো অ্যালবামের সংগীতায়োজন করেছেন প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়।
অণিমা রায় জানিয়েছেন, শিগগিরই রবি ঠাকুরের ‘প্রকৃতি’ পর্যায়ের গান নিয়ে ধারাবাহিকভাবে তিনি আরও কয়েকটি অ্যালবামের প্রস্তুতি নিচ্ছেন। এই অ্যালবামগুলো স্পনসর করছে সিঙ্গাপুরের শাহিদ গ্রুপ ও বাংলাদেশের ডায়মন্ড ওয়ার্ল্ড।