অণিমার সাত নম্বর একক 'মাতৃভূমি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অণিমা রায়
অণিমা রায়

রবীন্দ্রসংগীত শিল্পী অণিমা রায়ের নতুন একক অ্যালবাম ‘মাতৃভূমি’ প্রকাশিত হয়েছে। এটি তাঁর গাওয়া গানের সপ্তম একক অ্যালবাম। গতকাল বুধবার সকালে চ্যানেল আইয়ের ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। 

চ্যানেল আইয়ের চেতনা চত্বরে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী, রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদ ও লিলি ইসলাম। অণিমা রায়ের নতুন এই অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়।
‘মাতৃভূমি’ অ্যালবামে অণিমা যে গানগুলো গেয়েছেন তা হচ্ছে ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’, ‘এবার তোর মরা গাঙে’, ‘শুভ কর্মপথে ধরো নির্ভয় গান’, ‘ও আমার দেশের মাটি’, ‘ব্যর্থ প্রাণের আবর্জনা’, ‘ছি ছি চোখের জলে’, ‘আমরা সবাই রাজা’, ‘আমরা মিলেছি আজ’, ‘যে তোমায় ছাড়ে ছাড়ুক’, ‘সার্থক জনম আমার’ ও ‘বাংলার মাটি বাংলার জল’।
রবীন্দ্রসংগীতশিল্পী অণিমা রায় তিন বছর ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করছেন। নিজের নতুন অ্যালবাম প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘দেশের প্রতি এক ধরনের দায়বদ্ধতা থেকে এই অ্যালবামটির পরিকল্পনা। আমাদের এ সময়ের তরুণদের মধ্যে দেশপ্রেমবোধটা প্রতিনিয়ত চর্চা করা খুব জরুরি। একজন সংগীত শিল্পী ও শিক্ষক হিসেবে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। তাই রবীন্দ্রনাথের ১২ টি স্বদেশি পর্যায়ের গান দিয়ে সাজিয়েছি আমার মাতৃভূমি।’