অদিতিতে মুগ্ধ কলকাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অদিতি মহসিনের হৃদয়বাসনা অ্যালবামের মোড়ক খুললেন সৌমিত্র চট্টোপাধ্যায় l ভাস্কর মুখার্জি
অদিতি মহসিনের হৃদয়বাসনা অ্যালবামের মোড়ক খুললেন সৌমিত্র চট্টোপাধ্যায় l ভাস্কর মুখার্জি

কলকাতার কলামন্দির মিলনায়তনে গত শুক্রবার সন্ধ্যায় উপচে পড়া ভিড়। বাংলাদেশের প্রখ্যাত শিল্পী অদিতি মহসিন কলকাতায় একক রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন। সঙ্গে বের হবে তাঁর একক রবীন্দ্রসংগীতের একটি অ্যালবাম, সিডি। তাই কলামন্দিরে হাজির রবীন্দ্রসংগীতের ভক্তরা। এদিনই কলকাতার ভাবনা রেকর্ডস বের করে অদিতি মহসিনের রবীন্দ্রসংগীতের একটি অ্যালবাম।

মঞ্চে উঠলে অদিতি মহসিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তারপর ভাবনা রেকর্ডস আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে অদিতির গাওয়া হৃদয়বাসনা নামের রবীন্দ্রসংগীতের অ্যালবামটি। অ্যালবামে রয়েছে ১০টি গান। আনুষ্ঠানিকভাবে এই সিডির মোড়ক উন্মোচন করেন প্রখ্যাত চলচ্চিত্র তারকা, আবৃত্তিকার সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবেক সাংসদ কৃষ্ণা বসু, সাংসদ অধ্যাপক সুগত বসু এবং ভাবনার কর্ণধার গোপা রায়।

অ্যালবামটির মোড়ক উন্মোচন করে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, ‘কয়েক বছর আগে আমি ঢাকায় প্রথম অদিতি মহসিনের কণ্ঠে রবীন্দ্রসংগীত শুনেছি। অপূর্ব গেয়েছিল। সেদিন থেকে আমি অদিতির গানের ভক্ত হয়ে যাই। আমার তো মনে হয়, এখন এই উপমহাদেশে ও-ই সবচেয়ে ভালো রবীন্দ্রসংগীত গায়। আমার ভালো লাগছে আজকে ওর একটি রবীন্দ্রসংগীতের অ্যালবাম প্রকাশ করার দিনে উপস্থিত থাকতে পেরে।’

অদিতি মহসিন বললেন, ‘ভাবনা থেকে এই প্রথম আমার রবীন্দ্রসংগীতের অ্যালবাম বের হলো। ভালো তো লাগছেই। কলকাতায় এই অ্যালবামের আনুষ্ঠানিক প্রকাশে সত্যিই আমি মুগ্ধ। এর আগে প্রাইম মিউজিক, সারেগামা, বেঙ্গল ফাউন্ডেশন আমার অ্যালবাম বের করলেও ভাবনা এই প্রথম বের করল।’

অদিতি মহসিনের প্রথম রবীন্দ্রসংগীতের অ্যালবাম বের হয় ২০০৩ সালে, আমার মন চেয়ে রয় নামে।

সংগীতের অ্যালবাম প্রকাশের পর শুরু হয় অদিতি মহসিনের একক রবীন্দ্রসংগীতসন্ধ্যা। শুরু করেন ‘কী ধ্বনি বাজে গহনচেতনা মাঝে’ দিয়ে। এরপর ‘তোমায় গান শোনাব’। এভাবে একের পর এক ৩২টি রবীন্দ্রসংগীত গেয়ে মন্ত্রমুগ্ধ করেন উপস্থিত দর্শক- শ্রোতাদের।