অদিতির 'মম রূপে বেশে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা গান
বাংলা গান

এবার অদিতি মহসিন গেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের গান। এরই মধ্যে অ্যালবাম তৈরি হয়েছে। নাম মম রূপে বেশে । প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন। গানগুলো হলো—সেদিন দুজনে দুলেছিনু বনে (শাপমোচন), যেতে যেতে একলা পথে (অরূপ রতন), না বুঝে কারে তুমি ভাসালে (মায়ার খেলা), গানগুলি মোর শৈবালেরই দল (বসন্ত ), ও চাঁদ, চোখের জলের লাগল (রক্তকরবী), ওগো ডেকো না মোরে ডেকো না (চণ্ডালিকা), আমার অঙ্গে অঙ্গে কে বাজায় (চিত্রাঙ্গদা), সকলই ফুরালো স্বপনপ্রায় (কালমৃগয়া), ও যে মানে না মানা (প্রায়শ্চিত্ত), কিছুই তো হল না (ভগ্নহৃদয়)।
অদিতি মহসিন বললেন, ‘মম রূপে বেশে আমার একাদশ একক অ্যালবাম। রবীন্দ্রনাথ তো অনেক নাটক লিখেছেন। সেখানে অনেক ভালো ভালো গান রয়েছে। তার মধ্য থেকে কয়েকটি গেয়েছি।’
অদিতি আরও বললেন, ‘আমার বেশির ভাগ অ্যালবামের সংগীত পরিচালনা করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়। এবার প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছি। তাঁর সংগীতায়োজনে থাকে প্রাচ্য ও পাশ্চাত্যের যন্ত্রানুষঙ্গের মেলবন্ধন। তাই আশা করছি, সংগীতায়োজনে এবার কিছুটা ভিন্নতা পাবেন শ্রোতারা।’
এর আগে বেঙ্গল ফাউন্ডেশন থেকে অদিতির গাওয়া রবীন্দ্রসংগীত নিয়ে বেরিয়েছে আমার মন চেয়ে রয়, বারতা পেয়েছি মনে মনে এবং বর্ষামুখর রাতে ফাগুন সমীরণে আর তিন কবির গান নিয়ে বিপুল তরঙ্গ রে।
অদিতি জানালেন, এরই মধ্যে এইচএমভি থেকে তাঁর তিনটি অ্যালবাম বেরিয়েছে। চার নম্বরটির ব্যাপারে এরই মধ্যে আলোচনা হয়ে গেছে। শিগগিরই কাজ শুরু হবে।