অধিক শোকে পাথর!

‘ওয়ান ডিরেকশন’ তারকা নিয়াল হোরানের সঙ্গে সেলেনা গোমেজের চুম্বন-কাণ্ডের পর জীবনটা কেমন যেন জট পাকিয়ে গেছে জাস্টিন বিবারের। আর এরপরেই এই পপসংগীত তারকা তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেলেনার সঙ্গে নিজের একটি পুরোনো ছবি। অবশ্য তা যতটা না রাগে; তাঁর চেয়েও অনেক বেশি দুঃখে। অধিক শোকে যেন পাথরই হয়ে গেছেন এই ‘স্যরি’ গায়ক।
বিবারের খুব কাছের একটি সূত্র জানিয়েছে, তিনি নাকি এ ঘটনার পর নিজেকে প্রতারণার শিকার মনে করছেন। সারা দিন তিনি সেলেনাকে এসএমএস পাঠাতেন; কিন্তু সেলেনা সেসবের উত্তর দিতেন না। সেলেনাকে ফিরে পাওয়ার জন্য বিবার প্রায় উন্মাদ হয়ে গেছেন বলেও জানিয়েছে সূত্রটি। আর তারপরেই পুরোনো সে স্মৃতি পোস্ট করেন বিবার। ঘটনাটা যেন তিনি ঠিক হজম করতে পারছেন না।

এইতো সেদিন সেলেনা গোমেজের সঙ্গে বিবার কাটালেন মধুর এক সন্ধ্যা। তার রেশ কাটতে না কাটতেই ‘নিষ্ঠুর’ সেলেনা তাঁর বিবার-বিরক্তির কথা জানালেন। বুকে পাথর চেপে তাও না হয় সহ্য করেছিলেন এই কানাডীয় পপ তারকা। তবুও তো সেলেনাকে ফিরে পাওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা ছিল! তবে মার্কিন অভিনেত্রী জেনা দেওয়ানের জন্মদিনের অনুষ্ঠানে সেলেনা ও হোরানকে একসঙ্গে দেখার পর যেন সব দরজাই বন্ধ হয়ে গেল বিবারের। পুরোটা সন্ধ্যা সেলেনা-হোরান একসঙ্গেই কাটিয়েছেন সেখানে।
নিজের জীবন থেকে ‘সেলেনা’ অধ্যায়ের ইতি টানতে চান বলেও জানিয়েছেন বিবার। তবে চাইলেই যে পারছেন না, ভগ্নহৃদয়ে সে কথাও জানিয়েছেন এই ‘স্যরি’ গায়ক। টিএমজি। হলিউড লাইফ। ইউএস উইকলি।