অনলাইনের মাধ্যমে নবীনদের শেখাব: পণ্ডিত অজয় চক্রবর্তী

এটি তাঁর পিতৃপুরুষের দেশ। শনিবার রাতে আর্মি স্টেডিয়ামের সহস্র দর্শকের মন ভাসানোর উদ্দেশে তাঁর আগমন। পণ্ডিত অজয় চক্রবর্তী হেমন্তের মিষ্টি সকালে হাজির সেগুনবাগিচার শিল্পকলা একাডেমীতে। দুপুর সাড়ে ১১টায় চোখে চশমা, লম্বা পাঞ্জাবিতে সুদর্শন এই পুরুষ একাডেমীতে এসে পৌঁছান।
জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবনের দোতলায় একটি মহড়া কক্ষে ফুল, উত্তরীয় আর নকশি কাঁথার শুভেচ্ছা নিয়ে চটজলদি মুখোমুখি হন দর্শকের। অনুষ্ঠানের শিরোনাম, ‘পণ্ডিত অজয় চক্রবর্তীর সান্নিধ্যে প্রীতি সম্মিলনী’।
শুরুতে জানালেন উদ্দেশ্য, নিজের ধ্যান জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দেয়া। যেমনটি পৃথিবীর অন্য ১৬টি দেশে করেছে চলেছেন প্রযুক্তির আশ্রয়ে। কিন্তু পিতৃপুরুষের দেশ বাংলাদেশে আরও ব্যাপক প্রস্তুতি নিয়ে সংগীতপ্রেমীদের কাছে আসতে চান বলে আশা করেন তিনি। নিজের ইচ্ছার কথা জানানোর পাশাপাশি সংগীতপ্রেমীদের কথার উত্তর দিলেন। তার কথার প্রসঙ্গ ধরে কথা বলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন, দেশ টিভির ডিরেক্টর কবি তারিক সুজাত, শিল্পী অসীত দে, ফিরোজ খান, এবং শাহাদত হোসেন খান। সবার কথা এক জায়গাতেই মিলে যায় সুর, স্বর ও সংগীতের নানা উপাদানের সংকট ও সম্ভাবনার কথা।
বাংলাদেশ ও ভারতের তুলনামূলক আলোচনায় তিনি বলেন ‘পশ্চিমবঙ্গ এখন নানাবিধ মোহ ও আগ্রাসনের কাছে হেরে যাচ্ছে, কিন্তু এ দেশে (বাংলাদেশ) এমনটি হচ্ছে না। এ দেশের মাটি বড় উর্বর। এখানে স্রষ্টাপ্রদত্ত কণ্ঠ নিয়ে মানুষ জন্ম নেয়। সুতরাং এর সম্ভাবনা খুব প্রবল। সে চিন্তা থেকেই সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ও শিল্পকলা একাডেমীর সহায়তায় আমি অনলাইনে মাধ্যমে নবীদের শেখাবো। যেখানে থাকবে স্বর, সুর, তাল ও লয় বোঝার অভ্যাস তৈরির জন্য প্রয়োজনীয় পরামর্শ। রাগসংগীতের তালিম দেওয়ার পাশাপাশি রাগের বন্দিশ, খেয়াল, ঠুমরি ও ধ্রুপদের তালিম দেওয়া হবে।
বিষয়টি সহজ ব্যাখ্যা দেন, ‘আমি কলকাতা থেকে ক্লাস নেব। লেজারের মাধ্যমে সরাসরি আমার ক্লাসে অংশ নেবে এ দেশের শিক্ষার্থীরা। এতে তারা যে বিষয়টিকে জানার সুযোগ পায় না, সেটা দেওয়া সম্ভব হবে। পরবর্তীতে প্রতিটি ক্লাস পুনরায় শুনতে হলে আয়োজনকে কেন্দ্র করে নির্মিতব্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে যে কেউ। এভাবে আমার চেষ্টা ও শিক্ষার্থীদের মনোবল ও ইচ্ছায় একদিন বাংলাদেশ ক্লাসিক্যাল শিল্পীর দেশে পরিণত হবে। এ প্রচেষ্টা অব্যাহত থাকলে হয়তো একসময় পৃথিবীর উচ্চাঙ্গ সংগীতের আসরে এ দেশের শিল্পীরাই যথেষ্ট হবে, বিদেশ থেকে কাউকে আনার প্রয়োজন হবে না।’ তিনি আরও বলেন, ‘সংগীত কেবল সংগীত নয়। প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য নিজেকে চেনার সবচেয়ে বড় মাধ্যম সংগীত। বাংলার দার্শনিকেরা, এমনকি লালন ফকিরও তাই করেছেন।’