অনিন্দিতা কাজী গাইলেন নজরুলের গান

‘অদ্ভুত আত্মীয়তার বন্ধনে বেঁধে ফেলার ক্ষমতা আছে বাংলাদেশিদের। তাঁদের টানেই বারবার ফিরে আসি। আছে কিছু দায়বদ্ধতাও’, বললেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজী। আজ শুক্রবার সন্ধ্যায় গান গেয়ে, প্রবন্ধ পড়ে তিনি মুগ্ধ করে গেলেন ঢাকার শ্রোতাদের।
রবীন্দ্রনাথপাঠের সংগঠন খামখেয়ালী সভার ২১তম আড্ডা ছিল আজ। সেই আড্ডাতেই মধ্যমণি হয়ে ছিলেন এই শিল্পী। ঢাকায় থাকবেন আরও দুদিন।
আজকের অনুষ্ঠানে অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ। আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘আমরা হৃদয়ের চর্চা বেশি করি, কিন্তু মনন ও চেতনার চর্চা করি কম। এ জন্য আমরা অনেক শিল্পী, কবি, সাহিত্যিক পেয়েছি, কিন্তু দার্শনিক পাইনি। আরজ আলী মাতুব্বরকে আমরা ওই জায়গায় বসাতেও পারিনি।’
রবীন্দ্র পাঠের এই আয়োজন নিয়ে অনিন্দিতা বলেন, ‘বাঙালি সংস্কৃতির শেকড়ের প্রতি এখানকার তরুণদের যে আগ্রহ তা আমাকে মন্ত্রমুগ্ধ করেছে, বিস্মিত করেছে। তবে শুধু রবীন্দ্র-নজরুলই নয়, আমাদের আরও অনেক কবি, শিল্পী ও সাহিত্যিক রয়েছেন। তাদেরও আমরা উন্মোচন করতে পারি।’
নজরুলের জীবনের নানা পর্যায়ে উঠে আসে রবীন্দ্রনাথের নাম। তাঁদের পারস্পরিক সম্পর্ক, অভিমান, বিনিময় নিয়ে ‘রবি পরিক্রমায় নজরুল নামে একটি প্রবন্ধ পড়েন তিনি। আর সেই প্রবন্ধের ফাঁকে ফাঁকে রবীন্দ্রসংগীত শোনান লিলি ইসলাম। নজরুলের বেশ কয়েকটি গানও করে শোনান অনিন্দিতা কাজী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খামখেয়ালী সভার পৃষ্ঠপোষক আবিদ এ আজাদ এবং আহ্বায়ক মাহমুদ হাশিম।
শিল্পীরা রবীন্দ্রনাথের ‘দাঁড়িয়ে আছো তুমি আমার’, ‘তোমারে জানিনে হে’, ‘আমার নয়ন ভুলানো’ এবং নজরুলের ‘অঞ্জলি লহ মোর’, ‘আসিবে তুমি জানি প্রিয়’, ‘মোরা ঝঞ্ঝার মতো’সহ আরও বেশ কয়েকটি গান করে শোনান।