জন্মদিনে আইয়ুব বাচ্চুর উত্তরসূরিরা
অনুপ্রেরণার আইয়ুব বাচ্চু
আজকের সংগীতভুবনে আলো ছড়াচ্ছেন, এমন অনেকেরই মনে তরুণ বয়সে সংগীতের বীজ বুনে দিয়েছিলেন আইয়ুব বাচ্চু। এই গিটার জাদুকরের জন্মদিনে তাঁকে স্মরণ করলেন ভারতের কলকাতার দুই শিল্পী।
অনুপম রায়
আমার কাছে আইয়ুব বাচ্চু অসামান্য একজন সংগীতশিল্পী, যাঁর তৈরি করা গান মানুষ দীর্ঘদিন মনে রাখবে। কলেজজীবনেই আইয়ুব বাচ্চুর সংগীতের সঙ্গে পরিচয়। সময়টা ছিল ২০০০ সাল। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি কনসার্টে বাচ্চু ভাইকে প্রথম সরাসরি পারফর্ম করতে দেখি। গোটাটাই একটা অসাধারণ অভিজ্ঞতা। আমার নিজের গান তৈরির ক্ষেত্রে তাঁকে নিয়ে খুব সুন্দর স্মৃতি আছে। বাচ্চু ভাইয়ের ক্যাসেট শোনা এবং সেখান থেকে যতটা পারা যায় শিখতাম।
সংগীতজীবনে আইয়ুব বাচ্চুর সঙ্গে পরিচয় হওয়াটাই আমার কাছে সৌভাগ্যের মনে হয়। তিনি পুরোপুরি একজন মাটির মানুষ। আমরা যতবার ঢাকায় গিয়েছি, কথা হয়েছে, আড্ডা হয়েছে। কত যে স্মৃতি। আমার নতুন কোনো গান বেরোলে শুনে মতামত জানাতেন। তাঁকে খুব মিস করি।
সোমলতা আচার্য
আপনি আমাদের ছেড়ে গেছেন, রেখে গেছেন আপনার অপার সৃষ্টি। আপনার সেই সৃষ্টি আর স্মৃতির ভেতরেই আমরা এখনো বসবাস করছি। প্রত্যেকে আমরা আপনাকে অনেক মিস করছি। আমাদের বিশ্বাস, এই ভালোবাসার উষ্ণতা আপনাকেও ছুঁয়ে যাচ্ছে। আমরা যাঁরা এই প্রজন্মের মিউজিশিয়ান, তাঁদের মধ্যে আপনি বেঁচে থাকবেন আজীবন। কারণ, আমরা যা কিছুই সৃষ্টি করছি, তার পেছনে রয়েছেন আপনি।