অনেক দিন পর একসঙ্গে তপন চৌধুরী ও কনক চাঁপা

অনেক দিন পর একসঙ্গে সরাসরি কোনো অনুষ্ঠানে গান গাইতে হাজির হচ্ছেন শিল্পী তপন চৌধুরী ও কনক চাঁপা। ঈদের বিশেষ আয়োজনে আগামীকাল রাত ১১টা ৩০ মিনিটে এশিয়ান টিভির সরাসরি গানের অনুষ্ঠান ‘এশিয়ান মিউজিক আওয়ার’–এ থাকছেন এই দুই শিল্পী।
টেলিফোনে তপন চৌধুরী বলেন, ‘এমনিতে সরাসরি অনুষ্ঠানগুলোতে খুব বেশি গান গাওয়া হয় না। ঈদের বিশেষ আয়োজন বলেই রাজি হয়েছি।’ তিনি জানান, এর আগে একবারই কনক চাঁপার সঙ্গে সরাসরি অনুষ্ঠান গান করেছিলেন দেশ টিভির ‘কলের গান’-এ।
অনুষ্ঠানে কি ধরনের গান গাইবেন জানতে চাইলে তিনি বলেন, ‘সবই আমার নিজের গান। এর মধ্যে আমার পছন্দের বেশ কয়েকজন সুরকারের গান এবার গাইব। বিশেষ করে লাকী আখান্দের ‘নীলাঞ্চলে ভাসি আমি তারার দিগন্তরে’, ‘কোনো দিন কোনো দিন আঁধারের পথ ধরে’, মকসুদ জামিল মিন্টুর ‘ফুলের মতো আমার এই প্রেম’, ‘কাইন্দা আসে ভবে মানুষ সবার আনন্দে’, আলাউদ্দিন আলীর ‘দিন কি রাতে সাজ প্রভাতে’, আকাশের সব তারা ঝরে যাবে’, প্রয়াত প্রণব ঘোষের ‘আমি সবকিছু ছাড়তে পারি’, ‘আকাশের বুক থেকে কিছুটা নীল এনে’, আইয়ুব বাচ্চুর ‘পাথর কালো রাত’, ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি’সহ দর্শক শ্রোতার অনুরোধের কিছু গান গাইব।’
একই অনুষ্ঠানের অপর শিল্পী কনক চাঁপার কাছে তার গানগুলো সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার একক লাইভ অনুষ্ঠান হলে এক ধরনের প্রস্তুতি। সেখানে আমি পঞ্চকবি, কিছু ক্লাসিক্যাল গান করি। যেহেতু এই আয়োজনে দুজন শিল্পী, তাই সময়টা ভাগ হয়ে যাবে। এ কারণে প্রস্তুতিটা অন্য রকম। আমার নিজের অ্যালবামের কিছু মৌলিক গান, চলচ্চিত্রের গান তো থাকবেই, এর বাইরে দর্শকদের অনুরোধকে প্রাধান্য দেব বেশি। আর তপন চৌধুরীর সঙ্গে দু’তিনটা দ্বৈত গান গাইব।’