অনেক দিন পর 'বেজবাবা' সুমন

‘হারিয়ে যায়নি, এখনো চলছে এই হৃৎপিণ্ডটা’ নিজের গাওয়া গানের মতোই আবারও সবার মাঝে ফিরেছেন সাইদুস সালেহীন খালেদ সুমন। বেজবাবা। ব্যান্ডপ্রিয় শ্রোতাদের কাছে দারুণ জনপ্রিয় তিনি আর তাঁর ব্যান্ড অর্থহীন। দীর্ঘদিন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়ছেন এই সংগীত তারকা। গত ১৭ জুন ব্যাংককে মারাত্মক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এরপর গত মাসেই আবার মেরুদণ্ডের অস্ত্রোপচার করা হয় তাঁর। তবে এত সবকিছুর পরও গানের প্রতি তাঁর ভালোবাসা আর ভক্তদের প্রতি টান কমেনি এতটুকুও। অস্ট্রেলিয়ার সিডনিতে লিসেন ফর আয়োজিত ‘বাংলাদেশ নাইট ২০১৭’ আয়োজনে আমন্ত্রিত হয়ে গত বৃহস্পতিবার সিডনি পৌঁছেছেন তিনি। এখানেই প্রথম আলোর মুখোমুখি হন সুমন।
কেমন আছেন বেজবাবা সুমন? বলেন, ‘ভক্তদের ভালোবাসায় বেঁচে আছি এখনো। তারা আমায় হারিয়ে যেতে দেয় না, তাদের ভালোবাসায় বেঁধে রাখে।’
খানিকটা সুস্থ হয়েই দেশে ফিরে নিজের ব্যক্তিগত ফেসবুকে তাঁর অবস্থার কথা সবিস্তারেই জানিয়েছেন। তাই এ নিয়ে কথা বলেননি সুমন। বরং কৃতজ্ঞতা জানালেন তাঁর ভক্তদের প্রতি। দীর্ঘদিনের জীবন-মরণ সংগ্রামে বারবার বেঁচে ফেরার কারণ হিসেবে ভক্তদের অকৃত্রিম ভালোবাসাকেই দেখেন তিনি। সেই সঙ্গে জীবনযুদ্ধে ব্যান্ডের অন্য সহকর্মীদের অনুপ্রেরণা জোগানোর কথা বারবার স্মরণ করতে ভোলেননি জনপ্রিয় এই রকসংগীত তারকা। আবেগমাখা কণ্ঠে তিনি বলেন, ‘কদিন আর বাঁচব জানি না, তবে আমি বেঁচেই তো আছি ভক্তদের ভালোবাসা, গান আর আমার ব্যান্ডসঙ্গীদের জন্য। তাদের ছাড়া আমি নিঃস্ব।’

গানের প্রতি এত মায়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ছোটবেলায় মা হারমোনিয়াম আর গিটার শিখতে দিতেন। সেই যে ভালো লাগা শুরু হলো, তারপর গানের সঙ্গে বন্ধুত্ব, ভালোবাসা আর প্রণয় যে কবে গড়ে উঠল, তা টের পাইনি। এখন তো গানই জীবন।’
জটিল সব শারীরিক সমস্যার পরও নিরন্তর নিজের ব্যান্ড আর গানের সঙ্গে যুক্ত থেকেছেন সুমন। গানকেই এখন বেঁচে থাকার মহৌষধ মনে করেন তিনি। ‘গান না গাইতে পারলে শরীরের দানবগুলো নাকি মাথা চাড়া দিয়ে ওঠে।’ বললেন তিনি। গানের মাঝেই নিজের দুঃখ ও শারীরিক যন্ত্রণা ভুলে থাকেন ‘চাইতেই পার’ কিংবা ‘এপিটাফ’-এর মতো জনপ্রিয় গান উপহার দেওয়া এই সংগীতশিল্পী।
তবে নিজের লেখা কিংবা গাওয়া গানে যখন কারও মন জুড়িয়ে যাওয়ার গল্প শোনেন, তাতেই নাকি বেশি সুখ পান। তিনি বলেন, ‘গান গেয়ে যে আনন্দ মানুষকে দিতে পারি, তা অন্য কোনোভাবে আমি দিতে জানি না, পারবও না।’ তাই তো শরীরের জটিল অস্ত্রোপচারের যন্ত্রণা বয়ে নিয়েও দীর্ঘ পথ পাড়ি দিয়ে ছুটে এসেছেন সিডনিতে। আর কারণ শুধুই গানের প্রতি তাঁর গভীর ভালোবাসা আর তাঁর প্রতি ভক্তদের হৃদয়ের অন্তঃস্থলের শ্রদ্ধা ও ভালোবাসা।