অন্য কোনাল

বছর তিনেক আগে স্মাইল নামে একটি সংগঠনের কাজ শুরু করেন সংগীতশিল্পী কোনাল। স্মাইলের হয়ে নারীর ক্ষমতায়ন, শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তিনি। আর এখন পর্যন্ত পুরো কাজটি নিজের টাকা খরচ করেই করছেন কোনাল। গত শুক্রবার রাতে ঢাকার ফার্মগেট-কারওয়ান বাজার এলাকায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ স্মাইলের কোনালের এমনই একটি উদ্যোগ। শীতবস্ত্র বিতরণের এই কাজে কোনালের সঙ্গে ছিলেন তাঁর মা আর ভাই।
বিষয়টি সম্পর্কে জানাতে চাইলে কথা প্রসঙ্গে কোনাল বলেন, হঠাৎ করেই সারা দেশে শীতের প্রকোপ বেড়ে গেছে। প্রচণ্ড শীতে কষ্ট পাচ্ছে দেশের হতদ্ররিদ্র অনেক মানুষ। সেই জন্যই এই কার্যক্রম। শীত মৌসুমজুড়ে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
কোনাল আরও বলেন, ‘সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট আমাকে সব সময় ভাবায়। সাধ্যমতে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। মা-বাবাকে দেখে আমি এ ধরনের কাজ করতে উদ্বুদ্ধ হয়েছি। তাঁরাই আমার মূল অনুপ্রেরণা।’
সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বছর তিনেক আগে স্মাইলের যাত্রা শুরু করেন কোনাল। আপাতত পরিবারের সদস্য এবং বন্ধুরা তাঁর এই সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সহযোগিতা করছেন বললেন, ‘সামনে আরও বড় পরিসরে কাজ করার ইচ্ছে আছে। সেই পথেই হাঁটছি আমি।’
যদিও বর্তমানে কনসার্ট নিয়ে একটু ব্যস্ত কোনাল। তার পরও স্মাইলের কাজ করছেন তিনি। কনসার্ট প্রসঙ্গে বললেন, ‘এখন কনসার্টের মৌসুম। সারা দেশ থেকে অনেক কনসার্টে অংশ নেওয়ার প্রস্তাব আসছে। বেছে বেছে কাজ হাতে নিচ্ছি। কারণ, আমার পড়াশোনার চাপ রয়েছে। পড়াশোনা ঠিক রেখে বাকি সময়টা কনসার্টের পেছনে ব্যয় করছি।’