অন্য তুহিন

ব্যতিক্রম ব্যান্ড সংগীতে দীর্ঘ পথচলা তুহিনের। দলের হয়ে একাধিক অ্যালবামে কণ্ঠ দিয়েছেন তিনি। সমৃদ্ধ করেছেন নিজ দল শিরোনামহীন ও বাংলা ব্যান্ড সংগীতকে। দলের বাইরে কখনো গান করা হয়নি তাঁর। সম্প্রতি গাইলেন, কণ্ঠ দিলেন একটি একক গানে। ঈদুল আজহায় শোনা যাবে তুহিনের গাওয়া সেই গান ‘তবু’।
একটু বৈচিত্র্যের প্রত্যাশায় এই গান গাওয়া, জানালেন তুহিন। তুমুল জনপ্রিয় ‘তুমি চেয়ে আছ তাই’–খ্যাত এই তারকা শিল্পী বলেন, ‘ব্যান্ডের বাইরে এটি আমার প্রথম সিঙ্গেল ট্র্যাক। সাধারণত বাইরে গাওয়া হয় না। প্রচুর অফার পাই। কিন্তু নিজের চাওয়ার সঙ্গে পাওয়াটা মেলে না। এবার মিলেছে। তা ছাড়া একটু অন্যভাবে সংগীতপ্রেমীদের কাছে আসতে পারছি।’
তুহিনের গাওয়া ‘তবু’ গানটির কথা ও সুর করেছেন আরেক সংগীতশিল্পী আহমেদ রাজীব। ঈদে সিএমভির ইউটিউব চ্যানেল, জিপি মিউজিক ও রবি-ইয়োন্ডার মিউজিক অ্যাপে শোনা যাবে গানটি।