অন্যরকম বালাম

সংগীতশিল্পী বালামকে এবার একেবারে অন্যভাবে দেখা গেল। সচরাচর তাঁকে এভাবে দেখা যায়নি। হাতে ট্যাটু, মডেলের সঙ্গে কখনো সুইমিংপুলে আবার কখনো ভিজছেন বৃষ্টিতে-এই বালামকে আগে কখনো এভাবেই দেখা যায়নি। ‘মেঘে ঢাকা’ শিরোনামে নিজের নতুন গানের ভিডিওতে এভাবেই তাঁকে দেখা গেছে। বালাম নিজেও তাঁর এই ধরনের পরিবর্তন দারুণভাবে উপভোগ করছেন।
বালাম বললেন, ‘আমার এই নতুন গানটিতে একেবারে নতুন এক বালামকে উপস্থাপন করা হয়েছে। ঈদে গানটির ট্রেলার ছাড়া হয়। তখন থেকেই গানের ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা। হঠাৎ আমার এই ধরনের পরিবর্তন সবারই গ্রহণ করতে সময় লেগেছে। পুরো গানটি প্রকাশের পর সবার কাছ থেকে অন্যরকম প্রশংসা পাচ্ছি। অনেক দিন পর এ ধরনের প্রশংসা অনুপ্রাণিত করছে।’
‘মেঘে ঢাকা’ গানটির ভিডিও যৌথভাবে পরিচালনা করেছেন কৌশিক তাপস ও ফারজানা মুন্নী। আর এর সহযোগী ক্রিয়েটিভ ডিরেক্টর ইলাজার ইসলাম ও রম্য খান। গানটি প্রকাশিত হয়েছে ফুয়েল স্টেশনের ব্যানারে। বালাম এও বলেন, ‘ভালো একটা গানের জন্য ভালো মানের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। আমার এই গানের ভিডিও প্রকাশের পর বিষয়টি ভালোভাবেই টের পাচ্ছি। মনে হচ্ছে, নতুন করে নিজেকে ফিরে পেলাম। গানটি প্রকাশের পর থেকে সবার ইতিবাচক মন্তব্যে আমি অনেক বেশি অনুপ্রেরণা পাচ্ছি।’
গানের জগতে বালামের পদচারণা অনেক বছর ধরেই। মাঝে অনেকটা সময় চুপচাপ ছিলেন। নিজের মতো করে গান তৈরি করে গেছেন। এবার যেন শ্রোতাদের তা পুষিয়ে দিচ্ছেন। বালামও বিষয়টির সঙ্গে পুরোপুরি একমত। বললেন, ‘অনেকটা সময় গান প্রকাশ থেকে দূরেই ছিলাম। পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের অনেকে সেই সময়টাতে নতুন গান তৈরির জন্য নানাভাবে অনুপ্রেরণা দিয়েছে। এবারই প্রথম কোনো এইচডি ফরম্যাটে গানের ভিডিওর শুটিং করলাম। যেখানে এক নতুন বালামকে সবাই দেখছে। সত্যি, এ এক অন্য আমি। আমাকে এভাবে আগে কেউ কখনো দেখেনি।’
গত বছর প্রকাশিত হয় বালামের সর্বশেষ একক গানের অ্যালবাম ‘ভুবন’। এর আগে তাঁর আরও তিনটি একক অ্যালবাম প্রকাশিত হয়।