অবশেষে...

অনেক দিন থেকেই সন্তান চাইছিলেন জ্যানেট জ্যাকসন। ২০০৯ সালে একবার বলেছিলেন, সৃষ্টিকর্তা যদি তাঁকে নিয়ে কোনো পরিকল্পনা আদৌ করে থাকেন, তবে একদিন তিনি ‘মা’ হবেনই। প্রত্যাশা ছিল চার-পাঁচটি সন্তানের।
অবশেষে ৫০ বছর বয়সে মা হতে যাচ্ছেন কিংবদন্তি শিল্পী মাইকেল জ্যাকসনের এই বোন। স্বামী উইসাল আল মানার সঙ্গে নিয়মিত চিকিৎসকের কাছেও যাচ্ছেন। সবাইকে অপেক্ষা করতে হবে বড়জোর দু–এক মাস।
এই বয়সে মা হতে যাওয়া বেশ বিপজ্জনক জেনেও সন্তান ধারণ করছেন জ্যানেট। মাতৃত্বের স্বাদ পুরোপুরি উপভোগ করতে অন্য কারও গর্ভ ভাড়া (সারোগেসি) নেননি তিনি। চিকিৎসক বলেছিলেন, এই বয়সে মা হতে গেলে সাবধান থাকতে হবে। জ্যানেট সেই নির্দেশ পালন করছেন অক্ষরে অক্ষরে।
সন্তান ছেলে, না মেয়ে—এ নিয়ে জ্যানেট-উইসাল দম্পতির কোনো মাথাব্যথা নেই। তাঁদের চাওয়া, সন্তান সুস্থ অবস্থায় পৃথিবীতে আসুক।
২০১২ সালে কাতারের ধনকুবের উইসাল আল মানাকে বিয়ে করেন জ্যানেট জ্যাকসন। এরপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।
নয় ভাইবোনের মধ্যে জ্যানেটই সবচেয়ে ছোট। তাই তাঁর সন্তান হওয়ার খবরে ভাইবোনেরা একটু বেশিই খুশি। উচ্ছ্বসিত এক ভাই জারমেইন জ্যাকসন বোনকে বলেছেন, ‘ডায়াপার পরিবর্তনের কাজটা আমার থেকে ভালো পৃথিবীর আর কেউ পারবে না।’
ভাই টিটো জ্যাকসন বলেছেন, ‘জ্যানেট খুব শক্ত মেয়ে। মা হিসেবেও অসাধারণ হবেন আশা করি।’ ইনিউজ।