অবশেষে গানে ফিরছেন অনন্যা

এক সময় কাভার সং গেয়ে মঞ্চ মাতাতেন অনন্যা। গান গাইতে গাইতেই পরিচয় হয় সে সময়ের উঠতি গায়ক ও কম্পোজার আরফিন রুমির সঙ্গে। পরিচয় থেকে প্রেম, প্রেম থেকে বিয়ে। কিন্তু দ্বিতীয় বিয়ে এবং বিয়ে পরবর্তী কিছু ঘটনার কারণে নিজেকে বিতর্কিত করে তোলেন আরফিন রুমি। এই গায়কের সঙ্গে বিয়ের পর আর নিজের গানের ক্যারিয়ার গড়া হয়নি অনন্যার। এর মধ্যে অনন্যাকে ঘরে রেখেই আরেকটি বিয়ে করেন রুমি। অনেক আলোচনা-সমালোচনার ঝড় সামলে বেশ কয়েক মাস আগে রুমির সঙ্গে দাম্পত্যজীবনের ইতি টানেন অনন্যা। এখন তাঁর লক্ষ্য একটাই, নিজেকে সংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যেই এগিয়ে চলছেন বলেও জানান অনন্যা। কাজ শুরু করেছেন প্রথম একক গানের অ্যালবামের।
প্রথম আলোকে অনন্যা বলেন, ‘আমার মা একসময় গানের অনুষ্ঠানের আয়োজন করতেন। তাঁর একটি ইভেন্ট প্রতিষ্ঠান ছিল। সেই প্রতিষ্ঠানের হয়ে উঠতি অনেক শিল্পীরাই গান করত। মায়ের প্রতিষ্ঠানের হয়ে দেশের বিভিন্ন স্থানে আমি এবং আরফিন রুমিও গান গাইতাম। তখনই রুমির সঙ্গে পরিচয়। রুমি তখন হাবিব ওয়াহিদের সঙ্গে কাজ করত। হাবিব ওয়াহিদ আমার খুব পছন্দের একজন গায়ক ও সংগীতপরিচালক। পরিচয়ের সূত্রে একটা সময় রুমির সঙ্গে আমার ভালো বন্ধুত্ব তৈরি হয়। একটা সময় রুমিকে বলি, হাবিব ভাইকে দিয়ে আমার জন্য গান করিয়ে দেওয়ার। রুমিও আমাকে আশ্বাস দেয়, কাজটি করে দেওয়ার। এরপর আমরা তো বিয়েই করে ফেললাম।’
অনন্যা এও বলেন, ‘রুমি আমাকে বলেছিল, বিয়ে আমার গানের ক্যারিয়ারে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। বিয়ের পর ঘটেছে ঠিক উল্টো ঘটনা। রুমি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আমার আর গান করা হলো না। এমনকি আমার গানের ব্যাপারে তাঁর কোনো আগ্রহ দেখতাম না। বলা যায়, আমার গানের ক্যারিয়ারটাকে শেষ করে দিতে চাইছিল সে। আমাকে আড়ালে রেখে একটা সময় দ্বিতীয় বিয়েও করে রুমি। এরপর আমার ওপর শুরু হয় নানারকম নির্যাতন। বাধ্য হয়ে বিচ্ছেদের পথ বেছে নিই। এখন আমার ধ্যানজ্ঞান একটাই, নিজেকে গানের শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করা। সেভাবেই আমি কাজ করে যাচ্ছি। গানের চর্চা করছি, প্রচুর স্টেজ শোও করছি।’
অনন্যা প্রথম একক অ্যালবামের কাজ এরই মধ্যে অনেক দূর এগিয়েছে। এরই মধ্যে চারটি গানের পুরো কাজ শেষ হয়েছে। অনন্যার ইচ্ছে রোজার ঈদে অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেওয়ার। অ্যালবামটিতে কাজ করছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, শওকত আলী ইমন, হৃদয় খান, প্রতীক হাসান, ইমরান, বেলাল খান, প্রীতম হাসান ও রাফি প্রমুখ।