অবসর নিয়ে ঘরে ফিরতে চান কেনি রজার্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিংবদন্তি সংগীতশিল্পী কেনি রজার্স
কিংবদন্তি সংগীতশিল্পী কেনি রজার্স

অনেক হয়েছে, অনেকই তো হলো। এ কথাগুলোই যেন এখন গুঞ্জন তুলছে কিংবদন্তি সংগীতশিল্পী কেনি রজার্সের মনে। যা তাঁকে এতকাল তাড়িয়ে নিয়ে বেড়িয়েছে গানে গানে, এক খ্যাপার মতোই সুরের মায়ায় ঘর ছেড়ে পথে-পথেই যেন ঘুরে ফিরেছেন তিনি এত দিন। আর আজ হয়তো তাই সবকিছু ছেড়ে এবারে অবসর নিয়ে ঘরে ফিরতে চাইছেন তিনি।
সম্প্রতি ৭৭ বছর বয়সী মার্কিন সংগীতশিল্পী কেনি রজার্স জানিয়েছেন, ইদানীং তাঁর এমন মনে হয়েছে যে, অনেক দিন, অনেকই তো হয়েছে; স্বার্থপরতা আর খ্যাপামির মাঝে কোথায় যেন একটি সূক্ষ্ম রেখা আছে, তারুণ্যের সেই দিনগুলোতে যা তিনি পেরিয়ে এসেছেন। এখন সত্যিই ঘরে ফিরতে চান তিনি, তাঁর স্ত্রী-সন্তানদের কাছে।
সম্প্রতি কেনি রজার্স বলেছেন, ‘সত্যিই আমি আমার স্ত্রী-সন্তানদের কাছে ফিরতে চাইছি। তাঁরা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আর আমি তাঁদের কখনোই সেভাবে কাছে থেকে যথেষ্ট দেখিনি।’
যৌবনে গানের-সুরের মোহন মায়ায় ঘর ছেড়েছিলেন বলেই হয়তো এই পরিণত বয়সে এসে পেছনে রেখে আসা সংসারের মায়া আবারও তাঁকে ডাকছে। তরুণ বয়সে কেনি রজার্সের সেই অসাধারণ ভরাট গলার ‘লেডি’ গানটি শুনে মুগ্ধ হয়ে সে সুরে কণ্ঠ মেলাননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কেনি জানিয়েছেন, অবসর নিয়ে ঘরে ফেরার আগে তিনি সর্বশেষ একটি সফরের কথা ভেবেছেন। এই সফরে তিনি তাঁর ছেলেদেরও সঙ্গে রাখবেন।
কান্ট্রি সংগীতের এই কিংবদন্তি তাঁর সর্বশেষ সফর নিয়ে বলেছেন, এই সফরের পরই তিনি সংগীতজীবন থেকে অবসর নেবেন। কথা প্রসঙ্গে কেনি বলেন, খুব স্বার্থপরের মতোই পরিবারকে দুরে রেখে এতটা সময় বাইরে কাটিয়েছেন তিনি।

সংগীত কিংবদন্তি কেনি রজার্সের ১১ বছর বয়সী যমজ দুই ছেলে রয়েছে। এ বছরের শেষদিকে তাঁর গানের ষষ্ঠ অ্যালবামটি প্রকাশিত হতে পারে বলেও জানিয়েছেন তিনি। এ অ্যালবামটিতে থাকবে তাঁর গাওয়া বড়দিনের গান।
সফর শেষ হলে পুত্রদের নিয়ে বাড়ি ফিরে প্রিয়তমা স্ত্রীকে কেনি রজার্স হয়তো শোনাবেন তাঁর সেই অসাধারণ কণ্ঠে ‘লেডি’ গানটি থেকে— ‘ক্যজ, মাই লাভ, দেয়ার ইজ সামথিং আই ওয়ান্ট ইউ টু নো/ ইউ আর দ্য লাভ অব মাই লাইফ, ইউ’আর মাই লেডি।’
এএফপি। ইন্দো-এশিয়ান নিউজ।