অভিনয়ে কুমার বিশ্বজিৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমার বিশ্বজিৎ
কুমার বিশ্বজিৎ

অভিনয়ে দেখা যাবে জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎকে। ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে আট পর্বের ধারাবাহিক নাটক ‘ঢাক বাজছে ঢাকায়’ দেখা যাবে তাঁকে। বরাবরের মতো এটি তৈরি করবেন আফজাল হোসেন। ‘ছোটকাকু’ সিরিজে অভিনয়ের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন কুমার বিশ্বজিৎ।

কুমার বিশ্বজিৎ এই মুহূর্তে আছেন যুক্তরাষ্ট্রে। ঢাকায় ফিরবেন আগামী ১ আগস্ট। আজ রোববার সেখানকার স্থানীয় সময় মধ্যরাতে প্রথম আলোর সঙ্গে কথা হয় কুমার বিশ্বজিতের। তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরেই আলাপ হচ্ছিল অভিনয়ের। অবশেষে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানালাম। এই নাটকের সঙ্গে আমার দুজন প্রিয় মানুষ যুক্ত আছেন। এঁদের একজন “ছোটকাকু” সিরিজের নির্মাতা আফজাল হোসেন আর অন্যজন লেখক ফরিদুর রেজা সাগর। এঁদের সঙ্গে যখন গল্প নিয়ে কথা হলো, শুনে ভালো লাগে। তা ছাড়া আফজাল ভাইয়ের ওপর আমার অগাধ আস্থা ও বিশ্বাস আছে।’

‘ছোটকাকু’ সিরিজের ‘ঢাক বাজছে ঢাকায়’ ধারাবাহিকে কুমার বিশ্বজিৎকে সংগীতশিল্পীর ভূমিকায় দেখা যাবে। তিনি বলেন, ‘আমরা সাধারণত গানের ভিডিওতে যেভাবে হাজির হই, এখানেও তেমনটাই হবে। আমার চরিত্রটি সংগীতের সঙ্গেই সম্পর্কিত। আমাকে এই নাটকে যেভাবে উপস্থাপন করা হবে, তা খুবই সম্মানজনক মনে হয়েছে।’

এদিকে দেশে ফিরেই আবার পরিচালকের সঙ্গে নাটকটি নিয়ে আলোচনায় বসবেন বলেও জানান কুমার বিশ্বজিৎ। তিনি বলেন, ‘এটি হবে আমার জীবনের প্রথম কোনো নাটকে অভিনয়।’

কুমার বিশ্বজিৎ
কুমার বিশ্বজিৎ

‘ছোটকাকু’ সিরিজের এবারের গল্পে দেখা যাবে, একজন প্রখ্যাত সংগীতশিল্পী দেশের বাইরের বড় একটি অনুষ্ঠানে গান গাইতে যাবেন। হঠাৎ দেখা যাবে শিল্পী আর গান গাইতে পারছেন না। পুরো ব্যাপারটি রহস্যজনক মনে হওয়ায় তা উদ্‌ঘাটন করতে এগিয়ে আসবেন ছোটকাকু। এভাবেই এগিয়ে যাবে নাটকের গল্প।

কুমার বিশ্বজিৎকে নেওয়া প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ‘আমরা নিয়মিত যাঁরা অভিনয় করছেন, তাঁদের কাউকে হয়তো ভাবতে পারতাম। যেহেতু গল্পে একজন প্রখ্যাত সংগীতশিল্পীর কথা বলা হয়েছে, তাই আমরাও পুরো ব্যাপারটিকে বাস্তব রূপ দিতে চেয়েছি, যাতে অভিনয় মনে না হয়। এসব ভেবেই কুমার বিশ্বজিৎকে আমন্ত্রণ জানিয়েছি।’

ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক ‘ঢাক বাজছে ঢাকায়’ এবারের ঈদুল আজহায় চ্যানেল আইয়ে দেখা যাবে।