অভিভূত মিতালী

বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় গায়িকা মিতালী মুখার্জির অনেকবারই ঢাকায় আসা হয়েছে। এবার এসেছিলেন অন্য একটি কাজে। ‘চ্যানেল আই ক্ষুদে গানরাজ’ অনুষ্ঠানে অতিথি বিচারকের দায়িত্ব পালন করতে তিন দিনের জন্য ঢাকায় আসেন এই গায়িকা। আজ রোববার ফিরে গেছেন। সঙ্গে নিয়ে যাচ্ছেন অন্য রকম মুগ্ধতা।
দুপুর সাড়ে ১২টায় প্রথম আলোর সঙ্গে মিতালীর যখন কথা হয়, তখন তিনি বিমানে বসা। মুম্বাইয়ের উদ্দেশে বিমান ছাড়ার আগে এই গায়িকা বলেন, ‘আমি তো অভিভূত। বাচ্চাগুলো যে এত ভালো গাইছে, আমি ভাবতেই পারিনি। আমি ছোটবেলায় ময়মনসিংহ থেকে যখন ঢাকায় আসতাম, তখন এত বড় প্ল্যাটফর্ম পাইনি। এখনকার বাচ্চারা খুবই ভাগ্যবান। তারা অল্প বয়সে চমৎকার প্ল্যাটফর্ম পেয়েছে।’
কথা প্রসঙ্গে ভারতের রিয়্যালিটি শোর উদাহরণ টেনে মিতালী বলেন, ‘আমি ভারতেরও বেশ কয়েকটি গানের অনুষ্ঠানের বিচারক হয়েছি। কিন্তু বাংলাদেশে চ্যানেল আই এসব খুদে বাচ্চাদের পড়াশোনার খরচ, চিকিৎসাসেবাসহ আরও আনুষঙ্গিক বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছে, এটা আমার কাছে দারুণ লেগেছে। চ্যানেল আইয়ের এই ভাবনা সত্যি প্রশংসার দাবি রাখে। আমি অবাক হয়েছি। আমার খুব আনন্দ হয়েছে। বাচ্চাগুলো তো খুব ভালো গায়। তাদের গ্রুমিংটাও খুব ভালো হয়েছে।’
এ বছরের আগস্ট মাসের দিকে আবার ঢাকায় আসবেন মিতালী মুখার্জি। তখন তিনি ‘চ্যানেল আই সেরাকণ্ঠ–এর বিচারকের দায়িত্ব পালন করবেন। গত শুক্রবার রাতে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ক্ষুদে গানরাজ’–এর গ্র্যান্ড ফিনালের মঞ্চে এই ঘোষণা দেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
এদিকে ‘সেরা কণ্ঠ’র বিচারক হিসেবে আমন্ত্রণ পেয়ে দারুণ খুশি মিতালী মুখার্জি। তিনি বলেন, ‘আমি তো মুম্বাইয়ে “সারেগামাপা”র বিচারক ছিলাম। তখন ওখানকার পরিচালক আমাকে বলেছিলেন, বাংলাদেশ থেকে খুব প্রতিভাবান প্রতিযোগী অংশ নেয়। তবে তারা লোকগান চর্চা বেশি করে। শাস্ত্রীয় সংগীতে কিছুটা পিছিয়ে। এবার এসে দেখলাম এখানকার শিল্পীরা শাস্ত্রীয় সংগীতেও ভালো করছে। গ্রুমিংটা খুব ভালো হচ্ছে। ফলে এসব প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী কিছু সংগীতশিল্পী বেরিয়ে আসবে।’