অভিমান ভুলে ডলি সায়ন্তনী-ইমন

দুজনের ছিল মান-অভিমান। এত দিন তা পুষে রাখলেও করোনায় ভুলে সব গেছেন বলে জানালেন সংগীত পরিচালক শওকত আলী ইমন। তাই তো কাঙ্ক্ষিত শিল্পী ডলি সায়ন্তনীকে এই করোনার মধ্যে ডেকেছেন নতুন সিনেমার একটি গান গাওয়ার জন্য। সংগীত পরিচালকের ডাকে শিল্পীও সাড়া দিলেন আন্তরিকতা নিয়ে। করোনার কঠিন সময়েও স্টুডিওতে এসে কণ্ঠ দিলেন। এই গানের রেকর্ডিংয়ের মধ্য দিয়ে ইতি ঘটল দুজনের ছয় বছরের মান-অভিমানের।
ঢাকার মগবাজারের ফোকাস মাল্টিমিডিয়া স্টুডিওতে গত রোববার রাতে ‘আমার মা আমার বেহেশত’ ছবির ‘লুকাইয়া রাখি’ শিরোনামের গানে কণ্ঠ দেন ডলি সায়ন্তনী। চলমান লকডাউন পরিস্থিতিতে এটি প্রথম সিনেমার গানের রেকর্ডিং বলে জানালেন সংগীত পরিচালক শওকত আলী ইমন। ছবির পরিচালক বদিউল আলম খোকন। গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ।
শওকত আলী ইমনের সংগীত পরিচালনায় ডলি সায়ন্তনী সর্বশেষ কণ্ঠ দেন ‘লাভ স্টেশন’ ছবিতে, ‘রসিয়া রসিয়া’ শিরোনামের একটি গানে। গানটি ৬ বছর আগে রেকর্ড করা হয়। এর বাইরেও ইমনের সংগীত পরিচালনায় ‘মন ভাসাইয়া দে সাম্পানে’, ‘আমি দিওয়ানা দিওয়ানা’সহ বহু সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন ডলি।
গত মঙ্গলবার দুপুরে ইমন প্রথম আলোকে বলেন, ‘আমাদের একসঙ্গে অনেক চলচ্চিত্রের গানে কাজ করা হয়েছে। হঠাৎ করে তৃতীয় একটি পক্ষ আমাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি করে। আমরা দুজনও দুজনের কাছ থেকে দূরে সরে থাকি। কিন্তু এই করোনায় উপলব্ধি হলো, তৃতীয় পক্ষের কারণে নিজেদের মধ্যকার মান-অভিমান জিইয়ে রাখার কোনো অর্থই হয় না। তারপর নিজে থেকেই ডলির সঙ্গে যোগাযোগ করে গানটির ব্যাপারে কথা বলি। সেও খুব খুশি হয়।’
শুধুই কি মান অভিমান ভাঙতে ডলিকে এই গানে তাঁকে যুক্ত করা, নাকি সংগীত পরিচালক হিসেবে গানটিতে তাঁর কণ্ঠটাই আপনার দরকার ছিল? জানতে চাইলে তিনি বলেন, ‘সত্যি বলতে, গানটি তৈরির পরই মনে হয়, ডলি গাইলে গানটির প্রতি সুবিচার করা হবে। সে ছাড়া হবে না। এই সংকটময় সময়ে স্টুডিওতে এসে গাইল সে। প্রত্যাশিত কণ্ঠ পেয়ে আমারও ভালো লাগল।’
দীর্ঘ বিরতির পর ইমনের সংগীত পরিচালনায় চলচ্চিত্রের গান গাইতে পেরে ডলিও আনন্দিত। তিনি বললেন, ‘চলচ্চিত্রে আমাদের দুজনের অনেকগুলো গান আছে। এই গানের মধ্য দিয়ে আবারও এক সঙ্গে শুরু। আগের সেই ভালো লাগার আবেশ ফিরে পেয়েছি। গেয়েছি আমি, পর্দায় ঠোঁট মেলাবে মাহিয়া মাহি। সেই ববিতা আপা থেকে শুরু করে আজকের মাহির কণ্ঠে আমার গান, ভ্রমণটা সত্যিই অসাধারণ।’