অরিজিতের অনুরোধ

কথা ছিল ঢাকার মঞ্চে গতকাল সন্ধ্যায় গান গাইবেন ভারতের এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। শারীরিক অসুস্থতার কারণে অরিজিৎ সিংয়ের অনুরোধে আয়োজক কর্তৃপক্ষ কনসার্টটি পিছিয়ে দিতে বাধ্য হয়। ‘অরিজিত সিং লাইভ ইন ঢাকা কনসার্ট’-এর নতুন তারিখ ১২ ডিসেম্বর। আর এই সময়টা পর্যন্ত বাংলাদেশের শ্রোতা, দর্শক ও ভক্তদের অপেক্ষা করতে বললেন তিনি। পাশাপাশি হঠাৎ অসুস্থতার কারণে অনুষ্ঠান করতে না পারায় দুঃখ প্রকাশও করলেন।
শুক্রবার সকালের ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান অরিজিৎ সিং। কনসার্ট উপলক্ষে ঢাকার ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কিছুক্ষণ বিশ্রাম নিয়েই তিনি মুখোমুখি হন সংবাদমাধ্যমের। অনুষ্ঠানে অসুস্থ অরিজিৎসহ আয়োজক কর্তৃপক্ষও উপস্থিত ছিল। চোখে ভাইরাস সংক্রমণের কারণে কয়েক দিন ধরেই অসুস্থতাবোধ করছিলেন অরিজিৎ।
সংবাদ সম্মেলনে অরিজিৎ বলেন, ‘হঠাৎ অসুস্থতার কারণে আমি গান গাইতে পারছি না। কথা দিচ্ছি, আগামী ১২ ডিসেম্বর একই সময়ে, একই ভেন্যুতে আমি গান শোনাতে হাজির হব।’
ঢাকার দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে অরিজিৎ বলেন, ‘আমি ঢাকার দর্শকদের অনুরোধ করব, আপনারা ধৈর্যহারা না হয়ে অপেক্ষা করুন।’