অরিজিতের কনসার্টে গাইবেন না এলিটা ও মাহাদী

পোস্টার, টিকিট কিংবা টিভি প্রচারণার কোথায় নেই এলিটা ও মাহাদী। যেন আর্মি স্টেডিয়ামের আজকের কনসার্টে গাইবেন শুধুই অরিজিৎ সিং। ঢাকার সংগীতপ্রেমীরা জানতেও পারলেন না যে, তাদের দেশের জনপ্রিয় দুই শিল্পীও এই মঞ্চে গাইবেন। প্রচারণার এই ধরনকে অসম্মানজনক বলে কনসার্টে গান করা থেকে সরে গেলেন শিল্পী এলিটা করিম ও মাহাদী।
আজ সন্ধ্যায় আর্মি স্টেডিয়ামের কনসার্ট ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’-এ গান গাওয়ার কথা ছিল বাংলাদেশের শিল্পী এলিটা ও মাহাদীর। আয়োজক কর্তৃপক্ষ ধানসিঁড়ির ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সার প্রথম আলোকে তেমনটাই নিশ্চিত করেছিলেন। অথচ কনসার্ট শুরুর আগে জানা গেল, গাইছেন না এলিটা ও মাহাদী। এ বিষয়ে জানতে চাইলে শমী কায়সার বলেন, ‘কমিউনিকেশনে লোকাল আর্টিস্টদের (স্থানীয় শিল্পী) ছবি গুরুত্ব পায়নি বলে তাঁদের অভিযোগ। কিন্তু আমরা কনসার্টের টিকিট ছেপেছি স্থানীয় শিল্পীদের চূড়ান্ত করার অনেক আগে। সে জন্য এটা নিয়ে আমাদের একটু ঝামেলা হয়েছে। পরে পুরো ব্যাপারটি ক্লায়েন্টর ওপর ছেড়ে দিই, তাঁরাই বাকি সব ঠিক করেছে। তবে দ্বিতীয় রাউন্ডের কমিউনিকেশনে আমরা তাঁদের প্রচারণার ব্যাপারগুলো গুরুত্ব দেব বলেছি। কিন্তু তার আগেই দুই শিল্পী নিজেদের সরে যাওয়ার কথা জানিয়েছেন।’
এ প্রসঙ্গে এলিটা প্রথম আলোকে বলেন, ‘পুরো আয়োজনটি নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম না। তাই শেষ মুহূর্তে এ কনসার্ট থেকে সরে আসতে বাধ্য হয়েছি।’ কি কারণে সন্তুষ্ট ছিলেন না জানতে চাইলে এলিটা বলেন, ‘প্রথমত কমিউনিকেশন ঠিকমতো হয়নি। আর কনসার্টের টিকিট, পোস্টার এবং টেলিভিশনের প্রচারণারও আমাদের ঠিকমতো উপস্থাপন করা হয়নি।’
মাহাদী বললেন, ‘আমাদের দেশে বড় কনসার্টের ক্ষেত্রে বিদেশের শিল্পীদের নিয়ে আয়োজকেরা যতটা আন্তরিক, দেশীয় শিল্পীদের নিয়ে ঠিক ততটাই উদাসীনতা থাকে। এই কনসার্টের ক্ষেত্রেও আমি তেমনটাই দেখেছি। টিকিট, পোস্টার এবং টেলিভিশনের প্রচারণা দেখলেই বোঝা যায় যে আমরা কতটা অযাচিত। বিষয়টা শিল্পী হিসেবে আমার জন্য খুবই বিব্রতকর।’