অরিজিতের 'ঢাকা কাভার'

বলিউডের এই সময়ের আলোচিত গায়ক ও সংগীত পরিচালক অরিজিৎ সিং এবারই প্রথম ঢাকার ওপেন এয়ার কনসার্টে গান গাইতে এলেন। দুই ঘণ্টার এই অনুষ্ঠানে নিজের গানের চেয়ে বেশির ভাগ সময় অন্য শিল্পীর গান বা কাভার গান গেয়েই শ্রোতাদের মাতিয়ে রাখার চেষ্টা করেন তিনি। বাংলাদেশের জেমস ও তপু থেকে শুরু করে ভারতের লতা মঙ্গেশকর, উদিত নারায়ণ, হিমেশ রেশমিয়া, কে কে, কলকাতার ব্যান্ড মহিনের ঘোড়াগুলি এবং পাকিস্তানের আতিফ আসলামের গান গেয়েছেন অরিজিৎ।
কাভার গান বেশি করায় কনসার্ট দেখতে আসা দর্শক-শ্রোতারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। মিরপুর থেকে আসা মেহেদী নামের একজন প্রথম আলোকে বলেন, ‘অরিজিতের গান শুনব বলে চড়া মূল্যে টিকিট কিনেছি। কিন্তু নিজের গান রেখে অন্যের গান নিয়ে মেতে ছিলেন তিনি। এর চেয়ে কষ্টের আর কী হতে পারে!’
ধানমন্ডি থেকে পরিবারের সবার সঙ্গে কনসার্ট দেখতে আসেন মো. সোলায়মান। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। বললেন, ‘অরিজিতের তুলনা শুধুই অরিজিৎ। তাঁর কণ্ঠে সব গানই ভালো লাগে। তবে যেমনটা আশা করেছিলাম তেমনটা বেশি তৃপ্ত হতে পারিনি। বলা যায়, একরকম হতাশই হতে হয়েছে।’

বামি রহমান নামের এক ছাত্র বললেন, ‘আমার অসম্ভব পছন্দের একজন শিল্পী অরিজিৎ। তাঁর ঢাকায় আসার খবর শুনেই অনেক কষ্টে টিকিট জোগাড় করেছি। মঞ্চের সামনে বসে প্রিয় শিল্পীর গান শোনার জন্য কনসার্ট শুরুর অনেক আগে ভেন্যুতেও পোঁছাই। অরিজিৎ ভার্সেটাইল একজন শিল্পী। সব ধরনের গানই তাঁর কণ্ঠে দারুণভাবে মানিয়ে যায়। কনসার্টে যে গানই তিনি গেয়েছেন, মনে হয়েছে তা যেন তাঁর নিজেরই গান। নিঃসন্দেহে বলিউডের এই সময়ের অন্যতম সেরা গায়কদের একজন। কিন্তু যে পরিমাণ জনপ্রিয় গান তাঁর ঝুলিতে আছে, এর ছিটেফোঁটা শুধু আমরা শুনেছি। তৃপ্ত হতে পারিনি।’
ঘড়ির কাঁটায় তখন রাত আটটা ৪৫ মিনিট। মঞ্চে আসেন অরিজিৎ। আশিকি টু ছবির ‘তুম হি হো’ গানটি দিয়ে কনসার্ট শুরু করেন তিনি। প্রথম গান শেষ করে বললেন, ‘বাংলাদেশ, কী খবর?’ দুঃখ প্রকাশ করে অরিজিৎ এও বললেন, ‘৫ ডিসেম্বর কনসার্টটি করতে না পারায় আমি দুঃখ প্রকাশ করছি। আমার চোখে সংক্রমণ হয়েছিল। এ কারণে সেদিনের অনুষ্ঠান না পিছিয়ে উপায় ছিল না।’ কথা শেষ করেই শুরু করলেন ‘দিল সামাল জা জারা’ গানটি। তার পরই অরিজিৎ মঞ্চে ডাকেন ভারত থেকে আসা গায়িকা সুপ্রিয়া প্যাটেলকে। দুজনেই একটানা কয়েকটি গান পরিবেশন করেন। দুই ঘণ্টার অনুষ্ঠানে অরিজিৎ তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলো থেকে আরও কয়েকটি বাংলা ও হিন্দি গান গেয়ে শোনান।

‘অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা’ শুরু হওয়ার কথা ছিল বেলা তিনটার দিকে। কিন্তু শুরু হয় নির্ধারিত সময়েরও তিন ঘণ্টা পর। শুরুতেই বাংলাদেশি শিল্পীদের গান পরিবেশন করার কথা ছিল। পোস্টার, বিলবোর্ড এবং বিভিন্ন প্রচারণায় ব্যান্ড শিরোনামহীন, নির্ঝর, ইমরান, কর্ণিয়া, রেশমির নাম উল্লেখ করা হলেও শেষ পর্যন্ত মঞ্চে ওঠেনি ব্যান্ড শিরোনামহীন ও সংগীতশিল্পী নির্ঝর | বাংলাদেশি শিল্পীদের গানের পাশাপাশি জনপ্রিয় কয়েকটি গানের তালে নেচেছেন অভিনেতা নিরব, অভিনেত্রী শখ ও জেবিন। বাংলাদেশি শিল্পীদের পরিবেশনা শেষে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি এক মিনিট নীরবতা পালন করা হয়। এর পরই মঞ্চে ওঠেন অরিজিৎ।
‘অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা’ শিরোনামের অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান ই-মেকার্স লিমিটেড।