অর্ণবের সুর-সংগীতে ছবির গানে মিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্ণব-মিনার
অর্ণব-মিনার

গানের সঙ্গে মিনারের সখ্য বেশ কয়েক বছর ধরেই। ২০০৮ সালে প্রকাশিত হয়েছিল তাঁর প্রথম একক গানের অ্যালবাম ‘ডানপিটে’। টিভি নাটকের গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। এবার ‘আয়নাবাজি’ ছবির গানে কণ্ঠ দিচ্ছেন মিনার। তাঁর গানের সুর ও সংগীত করছেন অর্ণব। অমিতাভ রেজার এ ছবিতে অর্ণবের সুর ও সংগীতে গাইতে পারার বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত মিনার।
মিনার জানিয়েছেন, আজ মঙ্গলবার সন্ধ্যায় গুলশানের নিকেতনে অর্ণবের স্টুডিওতে ‘আয়নাবাজি’ ছবির গানে কণ্ঠ দেবেন তিনি।

‘আয়নাবাজি’ ছবির এই গানটি মিনারকে দিয়ে গাওয়ানো প্রসঙ্গে অর্ণব বলেন, ‘মিনারের গান আমি শুনেছি। সে ভালো গায়। তার কণ্ঠটা অন্য ধরনের। “আয়নাবাজি” ছবির জন্য আমরা যে গানটি করছি, তার জন্য অন্য ধরনের একটি কণ্ঠেরই দরকার ছিল। মনে হয়েছে, মিনার সে কাজটি ভালো ভাবে করতে পারবে।’

‘আয়নাবাজি’ ছবিতে আরও একটি গানের সংগীত পরিচালনা করবেন অর্ণব। জানালেন, সেটিতে কণ্ঠ দেবেন অর্ণব নিজেই।
প্রথম আলোর সঙ্গে আলাপে মিনার বলেন, ‘আমি অর্ণব ভাইয়ের একজন বড় ভক্ত। তাঁর সঙ্গে কাজ করতে যাচ্ছি ভেবেই অন্যরকম লাগছে। একে তো অর্ণব ভাইয়ের সঙ্গে ছবির গানে কণ্ঠ দেওয়া, পাশাপাশি চলচ্চিত্রটা হচ্ছে ‘আয়নাবাজি’। এ ছবির পরিচালক অমিতাভ রেজাও আমার ভালো লাগার একজন মানুষ। সব মিলিয়ে দারুণ একটা কিছু হতে যাচ্ছে।’
এদিকে, কিছুদিন আগে সংগীতশিল্পী মিনার আরও একটি ছবিতে গান গেয়েছেন। ‘আইসক্রিম’ ছবির ওই গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন মিনার নিজে।
মিনারের গাওয়া সাম্প্রতিক অ্যালবামের নাম ‘আহারে’। এ অ্যালবামের ‘আহারে’ গানটি দারুণ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। অ্যালবামের পাশাপাশি টিভি নাটকের গান এবং আবহ সংগীতের কাজও করেছেন মিনার। তাঁর উল্লেখ্যযোগ্য টিভি নাটকগুলোর মধ্যে রয়েছে— শিহাব শাহীনের ‘নীলপরী নীলাঞ্জনা’ ও ‘নীল প্রজাপতি’, শাফায়েত মনসুরের ‘ক্লিক ক্লিক’ ও ‘রিভিশন’, তানিম রহমানের ‘লাইফ ইন এ পিয়ানো’ ও ‘ইম্পসিবল ফাইভ’ এবং রেদওয়ান রনির ‘এফএনএফ’ ও ‘এইসব দিনে সেইসব মানুষেরা’।