অর্ণবের 'খুব ডুব' রেডিও ফুর্তিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্ণব
অর্ণব

অর্ণবের ‘খুব ডুব’ অ্যালবামটির বেশির ভাগ কপি কিনে নিয়েছে রেডিও ফুর্তি। প্রতিষ্ঠানটির বিপণন বিভাগ থেকে জানানো হয়, শিল্পীর প্রতি সম্মান জানাতেই এ উদ্যোগ নিয়েছে তারা।
অর্ণবের ‘খুব ডুব’ অ্যালবামটি বেরিয়েছে এ বছরের ২৮ মে। কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নয়, অর্ণব অ্যালবামটি বের করেন নিজ উদ্যোগে। সেদিন সন্ধ্যায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একটি কনসার্ট আয়োজন করা হয়। এখানে অ্যালবামটি অর্ণব তুলে দেন শ্রোতাদের হাতে। সেই থেকে শুরু। এরপর ‘খুব ডুব’ অ্যালবামটি অর্ণব নিজেই বিক্রি করেছেন। আগেই জানিয়েছেন, এই অ্যালবাম বিক্রি থেকে পাওয়া অর্থের একটা বড় অংশ তিনি দেবেন বান্দরবানে শিশুদের একটি স্কুল তৈরির জন্য। বুনো হাতিদের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয় স্কুলটি। এরই মধ্যে অ্যালবামের অনেকগুলো কপি বিক্রি হয়ে গেছে। এবার ‘খুব ডুব’ অ্যালবামের অবশিষ্ট কপিগুলো কিনেছে রেডিও ফুর্তি।

খুব ডুব
খুব ডুব


অর্ণব বলেন, ‘একজন শিল্পী ঘুরে ঘুরে তাঁর অ্যালবাম বিক্রি করছে, এটা নিশ্চয়ই কোনো আনন্দের খবর নয়। অ্যালবামটির কপি আমি ভারতে গিয়েও বিক্রি করেছি। আমি আগেই বলেছি, অ্যালবামটির ১০০ কপি যদি কোনো রেডিও স্টেশন কিনে নেয়, তাহলে ওই রেডিও স্টেশনকে এর প্রচার স্বত্ব দেব। আমি রেডিও ফুর্তির কাছে কৃতজ্ঞ। তারা এগিয়ে এসেছে। শুধু ১০০ কপি নয়, রেডিও ফুর্তি অ্যালবামটির অবশিষ্ট সব কপি কিনে নিয়েছে।’
অর্ণব আরও বলেন, ‘রেডিও ফুর্তি বলেছে, আপনি গানের মানুষ, গান করুন। অ্যালবাম বিক্রি আপনার কাজ নয়। তাদের কথায় আমি খুবই সম্মানিত হয়েছি।’
তিনি জানান, বান্দরবানের যে স্কুলটি পুনর্নির্মাণের জন্য তিনি টাকা সংগ্রহ করছেন, তার নতুন নকশা চূড়ান্ত হয়েছে। আনুষঙ্গিক কিছু কাজ শেষ করে শিগগিরই স্কুলটির নির্মাণকাজ শুরু হবে।
‘খুব ডুব’ অ্যালবামে গান রয়েছে ১০টি। গানগুলো লিখেছেন অর্ণব, টোকন ঠাকুর, রাজিব আশরাফ ও সাহানা বাজপেয়ি। সুর ও সংগীত পরিচালনা করেছেন অর্ণব।