অর্থহীন ক্রেডিট কার্ড নিয়ে বিপাকে বিবার

বিশ্বের অনূর্ধ্ব ৩০ ধনী ব্যক্তির তালিকায় বেশ কয়েক বছর ধরেই জাস্টিন বিবারের নাম আসছে। কোটি কোটি ডলার আয় করেন তিনি। কিন্তু কেনাকাটা করে বিল দিতে গিয়ে যখন বিবার এমন ক্রেডিট কার্ড দোকানিকে দেন, যাতে কোনো ব্যালেন্স নেই, তখন অবস্থাটা কেমন দাঁড়ায়?
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট হলিউডের একটি সুপারশপ থেকে কেনাকাটা শেষ করে বিল দেওয়ার সময় জাস্টিন বিবার দেখলেন, তাঁর ক্রেডিট কার্ড অর্থহীন। কোনো ব্যালেন্স নেই! বিবার দারুণ বিব্রত হয়ে পড়েন। ইতিমধ্যে দোকান থেকে তিনি কিনেছেন এক ফুট লম্বা একটি স্যান্ডউইচ (সাবওয়ে স্যান্ডউইচ), চার বোতল তরল দুধ ও কয়েক প্যাকেট কুকিজ।
তাড়াও ছিল বিবারের। কারণ গাড়িতে যে তাঁর প্রেমিকা সোফিয়া রিচি বসা। এমন পরিস্থিতির সামাল কীভাবে দেবেন বুঝে উঠতে পারছিলেন না এই ‘সরি’ গায়ক। পরে বিবারের এক ভক্ত তাঁকে উদ্ধার করেন এই বিপদ থেকে। নিজের পকেট থেকে বিল দিয়ে দেন সেই ভক্ত। আর বিবার তাঁকে ধন্যবাদ দিয়ে বেরিয়ে আসেন সেই দোকান থেকে। মিরর