অশিল্পীদের দৌরাত্ম্যে শিল্প আর থাকবে না

‘অশিল্পীদের দৌরাত্ম্যে শিল্প আর থাকবে না। টেলিভিশন চ্যানেলগুলো এর জন্য অনেক বেশি দায়ী।’ নতুন অ্যালবাম ও বাংলাদেশি সংগীতের বর্তমান অবস্থা প্রসঙ্গে জানতে গেলে প্রথম আলোকে এ কথা বলেন গায়ক সংগীত পরিচালক বাপ্পা মজুমদার।
বাপ্পা মজুমদারের মতে, ‘এটা ঠিক যে এখন কিছু কাজ অনেক ভালো হচ্ছে। ভালো গান যেমন লেখা হচ্ছে, সুরও হচ্ছে। নতুনদের মধ্যে যারা ভালো করছেন, তাঁদের সেই সুযোগ করে দেওয়া উচিত। টেলিভিশন চ্যানেলে যে হারে সরাসরি গানের অনুষ্ঠান হয়, সেখানে যথাযথ কর্তৃপক্ষকে আরও দায়িত্ববান হতে হবে। অশিল্পীদের পেছনে না থেকে যেসব শিল্পী গান গাইতে পারেন, তাঁদের পেছনে টেলিভিশন চ্যানেলের থাকা উচিত। তা না হলে অশিল্পীদের দৌরাত্ম্যে শিল্প আর থাকবে না। পরে যাঁরা মনে-প্রাণে গান গাইতে চান, তাঁরা একসময় গান গাওয়া বন্ধ করে দেবেন। এটা পুরো সংগীতের জন্য ভালো হবে না।’
কিছুদিন আগে ব্যান্ড গায়ক জেমস সংগীতের বর্তমান অবস্থা নিয়ে তাঁর মতামত ব্যক্ত করেছিলেন। প্রথম আলোয় প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘সবই প্লাস্টিক মিউজিক হয়ে গেছে।’ জেমসের এই মন্তব্যের সঙ্গে বাপ্পা মজুমদারও একমত। বাপ্পা বললেন, ‘আমরা যেভাবে গান করি, বাজাই, রেকর্ড করি, তাতে মানুষের মাঝে আবেদন দেওয়ার চেষ্টা করি। কিন্তু যখনই একজন গায়ক ও সংগীতপরিচালক প্লাগিংনির্ভর হয়ে যায়, তখন সেটা অবশ্যই প্লাস্টিক মিউজিক। এখন তেমনটাই হচ্ছে সবচেয়ে বেশি। ইদানীং লুপ ব্যবহার করে গানে সব যন্ত্রানুষঙ্গের আবেদন দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এতে করে সংগীতপরিচালক ও শিল্পীর নিজস্বতা বলতে কিছুই থাকে না। একজন শিল্পী বা সংগীতকর্মীর হাতে বাজানোর জাদু কেমন কিংবা কণ্ঠটা কেমন, তা শ্রোতারা আর শুনতে পারছে না। এই ধরনের কাজে কারওরই কোনো কৃতিত্ব। এটা মেশিনের কৃতিত্ব।’
আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে বাপ্পা মজুমদারের একক গানের অ্যালবাম ‘বাপ্পা মজুমদার’। চারটি গানের এই অ্যালবামের সব কটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজে।