অশ্রুসিক্ত ভক্ত, আপ্লুত সুমী
প্রায় চার ঘণ্টা অপেক্ষার পর প্রিয় তারকা চিরকুট ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমীর সঙ্গে দেখা করার সুযোগ পেলেন চার তরুণ ভক্ত জুবায়ের, গালিব, আরাফাত ও নাজমুস সাকিব। শিল্পীর দেখা পেয়ে একটি গোলাপ ও উপহারের বাক্স প্রিয় তারকার হাতে তুলে দিয়েছেন তাঁরা। প্রিয় তারকার সঙ্গে ছবিও তুললেন। সুমীও হাসিমুখে ভক্তদের ভালোবাসা গ্রহণ করেছেন। সে সময় প্রিয় তারকাকে এত কাছাকাছি পেয়ে অশ্রুসিক্ত হন জুবায়ের। আজ রোববার রাজশাহী কলেজমাঠে চিরকুট ব্যান্ডের শো শুরুর ঘণ্টাখানেক আগে সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আজ রাত আটটার পর ঘটনাটির ভিডিও সুমী তাঁর ফেসবুকে শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, ‘অশ্রুসিক্ত এই যুবকের ভালোবাসা উপেক্ষা করার আমি কে।’ ভিডিওতে দেখা যায়, জুবায়ের সুমীকে বলছেন, ‘আমরা আপনার জন্য চার ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি।’ শুনে সুমী আশ্চর্য হন। এরপর একে একে সবার নাম জেনে নেন সুমী। তাঁদের সঙ্গে ছবি তোলেন। ভক্তদের উদ্দেশে সুমী বললেন, ‘তোমাদের দেখে ভালো লাগল, খুশি হলাম। উপহার না আনলেও হতো।’
প্রথম আলোকে সুমী জানান, রাতে রাজশাহী কলেজ মাঠে শো। সকালে তাঁরা সেখানে পৌঁছেছেন। হোটেলে বিশ্রাম নিয়ে বিকেলে একটু নদীর ধারে ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে হোটেল থেকে ফোন আসে। তিনি বলেন, ‘হোটেল থেকে আমাদের ব্যান্ডের সদস্যরা ফোন করে জানাল কয়েক তরুণ অনেকক্ষণ ধরে হোটেলের সামনে দাঁড়িয়ে আছে, আমার সঙ্গে দেখা করতে চায়। এসেই দেখি এই কাণ্ড। আমি ওই সময় আবেগাপ্লুত হয়ে গিয়েছিলাম। উপহারের বাক্স খুলে দেখি ভেতরে গোলাপের পাপড়ি ছড়ানো। আই লাভ ইউ লেখা একটি টোকেন, চকলেট, পুতুল। শুনলাম রংপুর থেকে আশিক নামের একটি ছেলে এসেছিল, ফোনও করেছিল, এখনো দেখা করতে পারিনি।’
ভক্তদের এমন ভালোবাসা কেমন লাগে? এই ব্যান্ড তারকা বলেন, ‘ওই যে আমি লিখেছি, উপেক্ষা করার আমি কে? আমার কাছে মনে হয় সৃষ্টিকর্তা এমন ভক্তদের মাধ্যমে আমার কাছে, আমাদের ব্যান্ড চিরকুটের কাছে ভালোবাসা পাঠান। এই ভালোবাসা শর্তহীন। এই ভালোবাসা দায়িত্ব বাড়িয়ে দেয়। তার মানে কাজ থামানো যাবে না। আরও অনেক দূর এগিয়ে নিতে আগ্রহী করে তোলে।’
এমন ভালোবাসা থেকে ওই তরুণদের জন্য কিছু করে যাওয়ার ইচ্ছা সুমীদের। তিনি বলেন, ‘ওদের জন্য কিছু একটা করতে চাই। নদী নিয়ে একটি কাজ শুরু করেছি আমরা। এই তরুণেরা আমাদের চিরকুটকে এত ভালোবাসেন, তাঁদের জন্য অনেক কিছুই করতে ইচ্ছা করে। জানি না কতটুকু পারব। আমাদের দলের ক্ষমতাই–বা কতটুকু। তবে ইচ্ছা আছে তরুণদের জন্য অনেক কিছু করার।’
শুধু দেশেই নয়, দেশের বাইরেও চিরকুট ব্যান্ডের বিশাল ভক্তগোষ্ঠী রয়েছে। সুমী বলেন, ‘সবখানেই চিরকুট ব্যান্ড অর্থাৎ আমাদের সবাই ভালোবাসেন। আমার কাছে এই ভক্তদের নরমাল ভক্ত মনে হয় না। তাঁরা এই ব্যান্ডটিকে নিজের মনে করেন। এটি আশীর্বাদ।’
সম্প্রতি দেশের বাইরে নরওয়েতে শো করতে গিয়ে সেখানকার অভিজ্ঞতার কথা জানালেন সুমী। তিনি বলেন, ‘সেখানে যে কদিন ছিলাম, ভক্তরা সব সময় আমাদের খোঁজখবর নিয়েছেন। অনেকে আছেন সেখানে দোকান পরিচালনা করেন। হোটেলে থাকা, খাওয়াদাওয়ার সমস্যা হচ্ছে কি না, সেসব জানার জন্য দোকান বন্ধ করে তিনবেলা খোঁজ নিতে আসতেন। দেশ-বিদেশে ভক্তদের এত এত আশীর্বাদ পেয়েছি যে আর পাওয়ার কিছু নেই। সৃষ্টিকর্তার প্রতি আমরা কৃতজ্ঞ।’