অষ্টাদশের স্মৃতি

মা ও দাদিকে বুলিমিয়া রোগে ভুগতে দেখেছিলেন। অনিয়মিত অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া পারিবারিক রীতি হয়ে দাঁড়িয়েছিল তখন থেকেই। একপর্যায়ে ডুবে গেলেন নেশার ধূসর দুনিয়ায়। শেষে এমন অবস্থা হলো যে মরে যাওয়ার দশা হয়েছিল পপশিল্পী ডেমি লোভাটোর। বয়স তখন মাত্র ১৮। দুর্বার উড়ার সময় যখন তাঁর, ঠিক তখনই যেতে হয়েছিল মাদক নিরাময়কেন্দ্রে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পেছনের সেসব কথা অকপটে স্বীকার করেছেন এই শিল্পী। বাইপোলার ডিজঅর্ডার, অনিয়মিত খাওয়াদাওয়া সব মিলিয়ে মরতে বসেছিলেন তিনি। পেছনের কথা মনে করে বলেছেন, ‘ভাবতেই পারিনি যে ওসবের ভেতর থেকে বেরোতে পারব। মনে হচ্ছিল, ২১ পেরোনোর আগেই আমি শেষ। আর একটু হলেই জীবনটা সংক্ষিপ্ত হয়ে গিয়েছিল।’
বিনোদন জগতে পা রাখার পর মনে হয়েছিল ব্রিটনি স্পিয়ার্স বা লিন্ডসে লোহানের অবস্থা হবে তাঁর। এখন তিনি বেশ ভালো আছেন। মাস কতক আগে সেই দুঃসহ জীবন থেকে ফেরার চার বছর পূর্তি উৎসব করেছেন। সবকিছুর জন্য ভক্তদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন এই শিল্পী। বলেছেন, ‘যখন কোনো মেয়ে এসে নিজের ক্ষত-বিক্ষত বাহু দেখিয়ে আমাকে বলে যে আপনাকে দেখেই আমি মাদক ছেড়ে দিয়েছি, তখন নতুন করে আমি জীবনের মানে খুঁজে পাই।’ এমটিভি