অসহায়ের সহায়তায় ন্যান্সির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যান্সি
ন্যান্সি

‘আসুন, অসহায়ের প্রতি হাত বাড়িয়ে দিই। সহানুভূতির হাত। সেই হাত ধরেই এগিয়ে যাক আমার-আপনার স্বপ্নের সোনার বাংলাদেশ।’ সম্প্রতি এভাবেই নিজের উপলব্ধির কথা জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।
নিজের উপলব্ধি সবার মধ্যে ছড়িয়ে দিতে ন্যান্সি বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ রক্ষার জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক। তাঁর ফেসবুক পাতায় ন্যান্সি যে চমৎকার উপলব্ধির কথা জানিয়েছেন, তা পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। 
‘সীমা প্রতিদিনই আমার বাসায় কাজ করতে আসে। ওর কাজ করার ধরন আমার কাছে যথেষ্ট ভালো লাগে। আর তাই আমি তাকে অনেক স্নেহও করি। তবে প্রতিদিনই লক্ষ করতাম, ওর মুখটায় কেমন যেন কালো মেঘের ঘনঘটা। কয়েক দিন পরপর সে দু-এক দিন কাজে আসত না। যখন আসত তখন তার হাত ফুলে থাকত, নতুবা মুখ ফুলে থাকত অথবা গায়ে অনেক জ্বর থাকত।’ 

এই তো সেদিন একই অবস্থা দেখে জানার আগ্রহ থেকেই তার কাছে গেলাম। হাত ধরে এনে আমার পাশে বসালাম। জিজ্ঞেস করলাম, কেন তার শরীরের এ অবস্থা? তাতেই বেরিয়ে এল আসল ঘটনা। যা শুনে আমি কেন, যে কেউই নির্বাক আর নিস্তব্ধ হয়ে যাবে।
মাত্র কয়েক বছর আগে বিয়ে হলেও সাংসারিক সুখ-শান্তির মুখ দেখেনি সীমা। স্বামী কামাল ছোট একটি কাজ করলেও কাজে মনোযোগী নয়। এককথায় বলতে গেলে বেকার। এদিকে দরিদ্র ঘরের সন্তান হওয়ায় নিজের স্বামীকে তেমন কোনো সহযোগিতা করাও সীমার পক্ষে সম্ভব নয়। যাবতীয় পারিবারিক সমস্যা আর আর্থিক টানাটানিতে শুরু হয় কলহ, যার বলি হয় সীমা। দিনের পর দিন স্বামীর শারীরিক নির্যাতন সহ্য করতে হয় সীমাকে। ঠিক এভাবেই আমার কাছে একেকটি ঘটনার বর্ণনা করছিল আর কান্নার সাগরে ভাসছিল সে।
শুনে আমি নিজেই মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। ব্যক্তিগত ব্যস্ততার কারণে নিজে যেতে না পারায় তাকে চিকিৎসক দেখানোর জন্য ও ওষুধ কেনার জন্য কিছু টাকা দিলাম এবং পরদিন তার স্বামীকে আমার বাসায় নিয়ে আসার জন্য বললাম। যথারীতি পরদিন স্বামী কামালকে নিয়ে আমার বাসায় এল সীমা। দুজনের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিলাম কামালকে কোনো একটি কাজের ব্যবস্থা করে দেব আমি। সে অনুযায়ী সেদিনই একটি রিকশা কিনে দিলাম কামালকে।
তারপর পেরিয়ে গেল কয়েক দিন। সীমাকে প্রশ্ন করলাম, এখন জামাই মারে? হাসিমাখা মুখে মাথা নাড়িয়ে সে আমাকে জবাব দিয়ে বলল, ‘না’। বিশ্বাস করুন, সীমার মুখে ঠিক ওই হাসিটাই আমি দেখতে চেয়েছিলাম। দেখে মনে হলো, ওই হাসিতেই লুকিয়ে আছে ওর সব সুখ।
আমরা সবাই যদি নিজের অবস্থান থেকে একটু সহানুভূতিশীল হই, যদি চারপাশের অন্তত একজন অসহায় মানুষের দায়িত্ব নিই, যদি একজন গৃহহারা, সহায়-সম্বলহীন মানুষের একটু মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ার চেষ্টা করি, অন্তত একজন ব্যক্তির একমুঠো খাবারের ব্যবস্থা করে দিই অথবা একজন সীমার মুখে হাসি ফুটিয়ে তুলি, তাহলে হয়তো ক্ষুধার যন্ত্রণায় কেউ রাস্তায় মরে পড়ে থাকবে না। রেলস্টেশনে কিংবা রাস্তার ধারে কাউকে মাথা খোঁজার ঠাঁই খুঁজতে হবে না। দিনের পর দিন স্বামী কর্তৃক নির্যাতিত হয়ে আঘাতের চিহ্ন নিয়ে মুখ লুকিয়ে কাঁদতে হবে না সীমাদের।
তাই আসুন, অসহায়ের প্রতি হাত বাড়িয়ে দিই। সহানুভূতির হাত। সেই হাত ধরেই এগিয়ে যাক আমার-আপনার স্বপ্নের সোনার বাংলাদেশ।’