অসুস্থ আলম খানের অনুরোধ

বরেণ্য সংগীত পরিচালক আলম খানের খুব দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন, জানিয়েছেন তাঁর চিকিৎসকেরা। নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি এখন শয্যাশায়ী। শারীরিক অসুস্থতা নিয়েই গুণী এই মানুষটি কথা বলেন প্রথম আলোর সঙ্গে। বলেন, ‘এই মুহূর্তে আমার অর্থের দরকার। কিন্তু আমি তো কারও কাছে চাইতে পারব না। দেশের শীর্ষস্থানীয় শিল্পীরা অনেকেই মঞ্চে আমার তৈরি অনেক বিখ্যাত গান গেয়ে লক্ষ লক্ষ টাকা আয় করছেন। তাঁদের আয়ের অংশীদার তো গীতিকার, সুরকারও। যেটা আমার ন্যায্য, সেটা যদি গোপনে এসেও শিল্পী, প্রযোজকেরা (তাঁর গানসংশ্লিষ্ট) আমাকে দেন, তাহলে খুশি হব।’
উল্লেখ্য, ২০১০ সালে আলম খানের ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। দ্রুত তাঁকে নেওয়া হয় ব্যাংককে। সেখানে আলম খানের ফুসফুসের বাঁ দিকে অস্ত্রোপচার করা হয়। কিছুদিন ভালো থাকলেও তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। গত বছর তাঁর হৃদ্যন্ত্রে একটি ব্লক ধরা পড়লে তাতে রিং (স্ট্যান্ট) পরানো হয়। সম্প্রতি তাঁর ফুসফুসের ডান দিকেও অস্ত্রোপচার জরুরি হয়ে পড়েছে। আলম খানের স্ত্রী গুলবানু খান বলেন, ‘তিনি (আলম খান) ঠিকমতো কথা বলতে পারছেন না। কথা জড়িয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, চিকিৎসক আলী হোসেনের তত্ত্বাবধানে আলম খানের চিকিৎসা চলছে।
আলম খান জড়ানো কণ্ঠে নিজের অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, ‘আমার অসংখ্য গান জনপ্রিয়। সেগুলো ডিজিটাল মাধ্যমে রিংটোন, ওয়েলকাম টিউনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহৃত হচ্ছে। কিন্তু আমার গান বিক্রি করে অনেকে টাকা পেলেও আমি কোনো রয়্যালটি পাচ্ছি না।’
আলম খানের সুরারোপিত জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘ওরে নীল দরিয়া’, ‘হায় রে মানুষ রঙিন ফানুস’, ‘কী জাদু করিলা’, ‘আমি একদিন তোমায় না দেখিলে’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘সবাই তো ভালোবাসা চায়’
‘আমি রজনীগন্ধা ফুলের মতো’সহ অসংখ্য কালজয়ী গান।