অস্টিনের উৎসবে গাইল চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের অস্টিনে ‘সাউথ বাই সাউথওয়েস্ট’ উৎ​সবে গাইছে চিরকুট
যুক্তরাষ্ট্রের অস্টিনে ‘সাউথ বাই সাউথওয়েস্ট’ উৎ​সবে গাইছে চিরকুট

যুক্তরাষ্ট্রের অস্টিন কনভেনশন সেন্টারের ইন্টারন্যাশনাল ডে স্টেজে গত বুধবার বিকেলে দর্শক শুেনছেন বাংলা গান। সংগীত ও চলচ্চিত্র উৎসব ‘সাউথ বাই সাউথওয়েস্ট’ (এসএক্সএসডব্লিউ)-এর এই মঞ্চে গান করেছে বাংলাদেশের ব্যান্ড চিরকুট। স্থানীয় সময় বিকেল পাঁচটায় ৪০ মিনিটের এই পরিবেশনার শুরুতেই চিরকুট গেয়েছে ‘ধনধান্য পুষ্পভরা’ গানটি। এরপর ‘বন্ধু’, ‘দয়াল’, ‘খাজনা’ আর ‘নিরানন্দ’ গানগুলো করে দলটি।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে নয় দিনের এই উৎসব শুরু হয়েছে ১১ মার্চ। অস্টিনের শতাধিক স্থানে আয়োজন করা হয়েছে উৎসবের অনুষ্ঠানগুলো। বিভিন্ন দেশের দুই হাজারের বেশি ব্যান্ড আর সংগীতশিল্পী অংশ নিচ্ছে এ উৎসবে।
গতকাল বৃহস্পতিবার ফেসবুকে যোগাযোগ হয় চিরকুটের সদস্য পিন্টু ঘোষের সঙ্গে। তখন তিনি ছিলেন অস্টিনে। কনসার্ট কেমন হলো? পিন্টু ঘোষ বলেন, ‘মাথা নষ্ট হওয়ার মতো কনসার্ট! দর্শকদের সারিতে ছিলেন বিভিন্ন করপোরেট আর প্রযোজনা প্রতিষ্ঠানের কর্মকর্তারা।’
আজ শুক্রবার এই উৎসবে অস্টিনের স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় চিরকুট গান করবে রাশান হাউসে।