অ্যাডেল পকেটমার হবেন?

জনপ্রিয় সংগীতশিল্পী অ্যাডেল চলচ্চিত্রে অভিনয় করবেন? তেমনটাই তো শোনা যাচ্ছে! হলিউডের একটি ছবিতে নাকি অভিনয় করার জন্য তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছে। মঞ্চের ধ্রুপদি নাটক ‘অলিভার’ অবলম্বনে ছবিটি তৈরি হবে।
চার্লস ডিকেন্সের ‘অলিভার টুইস্ট’ উপন্যাস অবলম্বনে ষাটের দশকে একটি মঞ্চনাটক তৈরি হয়। এই উপন্যাস অবলম্বনে ১৯৬৮ সালে তৈরি হয় পূর্ণদৈর্ঘ্য ছবি ‘অলিভার’। অস্কারে ১১টি বিভাগে মনোনয়ন পায় ছবিটি। আর পেয়েছে ছয়টি পুরস্কার। সেই ছবিটি আবার রিমেক হচ্ছে হলিউডে।
অ্যাডেল গান গেয়ে পেয়েছেন অস্কার, গ্র্যামি, গোল্ডেন গ্লোব, ব্রিট অ্যাওয়ার্ডসহ বিশ্বসংগীতের নামী বিভিন্ন পুরস্কার। এবার যদি অ্যাডেল অভিনয় করতে রাজি হন, তাহলে ছবিতে ২৯ বছর বয়সী এই তারকাকে একজন পকেটমারের চরিত্রে দেখা যাবে। তবে অভিনয়ের প্রস্তাবকে যে অ্যাডেল গুরুত্বের সঙ্গে দেখছেন, তা জানিয়েছে যুক্তরাজ্যের দ্য সান পত্রিকা।