অ্যাডেলের অবসাদের কারণ

অস্কারজয়ী গায়িকা অ্যাডেল এক সন্তানের মা। খুব শিগগির আবার সন্তান নেওয়ার ইচ্ছা নেই তাঁর। কারণ, প্রথম সন্তানের জন্মের পর মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন তিনি।
অ্যাডেল বলেন, ‘প্রথম সন্তান জন্মের পর আমি ওকে নিয়ে খুব সজাগ থাকতাম। দেখভালে সামান্য গাফিলতি হলে নিজেকে খুব অযোগ্য মনে হতো আমার। আর সারাক্ষণ শুধু মনে হতো, সন্তান জন্ম দিয়ে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি।’
গর্ভকালীন বা সন্তান জন্মের পর অনেক নারীর মধ্যেই এই ধরনের হতাশা কাজ করে। এই সময় কাছের মানুষেরাই নতুন মায়ের হতাশা কাটিয়ে তুলতে পারে। ঠিক যেমন অ্যাডেলের সঙ্গী সাইমন কোনেকি এমন সময় তাঁর পাশে ছিলেন। সাইমন তখন অ্যাডেলকে বলেছিলেন তাঁর যেসব বান্ধবীর সন্তান আছে বা যাঁরা মা হতে যাচ্ছেন, তাঁদের সঙ্গে বেশি বেশি সময় কাটাতে।
এই পরামর্শেই লাভ হয়েছিল অ্যাডেলের। ২৮ বছর বয়সী এই তারকা কয়েকজন নতুন মায়ের সঙ্গে আলাপ করে বুঝতে পারেন, এই হতাশা তাঁর একার নয়, অনেকেরই আছে। এরপরই আস্তে আস্তে হতাশা কাটিয়ে ওঠেন এই গায়িকা। আইএএনএস।