অ্যাডেলের জন্য গাইছে সবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাডেল
অ্যাডেল

কণ্ঠনালিতে প্রদাহ, তাই কনসার্ট বাতিল করেছেন অ্যাডেল। চিকিৎসকের কড়া নির্দেশ: কনসার্টে গাওয়া যাবে না গান। তাতে অসুখটা বাড়বে।
কথা ছিল, অ্যাডেল তাঁর ‘ওয়ার্ল্ড ট্যুর’ শেষ করবেন লন্ডনের উইম্বলেতে দুটি কনসার্টের মধ্য দিয়ে। কিন্তু কণ্ঠনালিতে হঠাৎ প্রদাহ দেখা দেয় অ্যাডেলের। জোরে গলা ছেড়ে গান গাইতে কষ্ট হয় তাঁর। তাই সব টিকিট বিক্রি হওয়ার পরও বাতিল করতে হয় কনসার্ট। অ্যাডেলভক্তদের জন্য এ এক বড় দুঃসংবাদ।
কিন্তু তাতে দমে যায়নি ভক্তদের মন। প্রিয় তারকাকে সাহস জোগাতে, তাঁর প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য সবাই এক হয়ে গাইলেন অ্যাডেলের গান।
উইম্বলের কনসার্ট বাতিল করার খবর জানিয়ে অ্যাডেল এক মর্মস্পর্শী বার্তা লেখেন তাঁর সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয়। সেখানে তিনি জানান, শুধু এই উইম্বলে কনসার্টই নয়, তিনি ভবিষ্যতে আর কখনো কনসার্টে গাইতে পারবেন কি না, এ নিয়ে রয়েছে সন্দেহ। কারণ, স্বরনালিতে চাপ পড়লেই তাঁর বিপদ হতে পারে।
এমন পরিস্থিতে স্বাভাবিকভাবেই যেকোনো শিল্পীরই মানসিকভাবে ভেঙে পড়ার কথা। কিন্তু অ্যাডেলভক্তরা তাঁদের প্রিয় তারকাকে ভেঙে পড়তে দিচ্ছেন না। তাঁরা সেই উইম্বলে স্টেডিয়ামের বাইরে এক হয়ে অ্যাডেলের জন্যই গেয়েছেন অ্যাডেলের গান। এরপর সেই গানের ভিডিও ধারণ করে ছড়িয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। অভিনব এই ক্যাম্পেইন এখন ‘সিং ফর অ্যাডেল’ হ্যাশট্যাগ দিয়ে ছড়িয়ে পড়েছে সবখানে।
‘ডেড্রিমার্স’ নামের একটি ফ্যান গ্রুপ প্রথমে এই ক্যাম্পেইন শুরু করে। পরে বিষয়টি সবখানে ছড়িয়ে পড়ে। যাঁরা উইম্বলেতে গিয়ে সরাসরি যোগ দিতে পারেননি ‘সিং ফর অ্যাডেল’ ক্যাম্পেইনে, তাঁরা নিজ নিজ জায়গা থেকেই অ্যাডেলের গান গেয়ে এর ভিডিওর সঙ্গে জুড়ে দিয়েছেন হ্যাশট্যাগটি। আর এভাবেই শিল্পীর মনোবল বাড়াতে ভক্তরা এখন একের পর এক জমায়েতে অ্যাডেলের গান গেয়েই চলেছেন। তাঁদের প্রত্যাশা, শিগগিরই সুস্থ হয়ে আবার মঞ্চে ফিরে আসবেন অ্যাডেল। সূত্র: সিএনএন।