অ্যাডেলের দেহরক্ষী নিয়ে তোলপাড়!

ঠিক ‘হইচই’ বললে অবশ্য বিষয়টিকে বোঝানো সম্ভব নয়, রীতিমতো তোলপাড়ই বলা যেতে পারে। অ্যাডেলের পাশে সার্বক্ষণিক এক সুদর্শন পুরুষের উপস্থিতি প্রথমে সবার মনে সন্দেহ জাগাতে শুরু করেছিল। কিন্তু দিন কয়েক পর অবশ্য সব সন্দেহই কেটেছে। অ্যাডেলের পাশে থাকা সুদর্শন পুরুষটির পরিচয় মিলেছে অবশেষে। তিনি অ্যাডেলের নতুন দেহরক্ষী পিটার। আর পরিচয় প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর আলোচনার বিষয় হয়ে উঠেছেন পিটার।
শুরুতে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর মধ্যে পিটার সংক্রান্ত আলোচনা আর মন্তব্যের যেন ঝড় ওঠে। বিশেষ করে টুইটার এ ক্ষেত্রে পিটার বন্দনায় সবচেয়ে বেশি সরব হয়ে উঠেছে।
ব্রিটিশ সংগীতশিল্পী অ্যাডেলে তাঁর ‘টুয়েন্টি ফাইভ’ অ্যালবামের কারণে বর্তমানে আলোচনার তুঙ্গে। একের পর এক রেকর্ড ভেঙে তিনি গড়ে যাচ্ছেন নতুন নতুন মাইলফলক। এর মধ্যে যে অ্যাডেলের সব ‘লাইমলাইট’ তাঁর দেহরক্ষী কেড়ে নেবেন তা ঠাওর করতে পারেনি কেউ।
পেশায় দেহরক্ষী হলে কি হবে, নাম-যশ কিন্তু পিটারেরও কম নেই। এর আগে তিনি ছিলেন লেডি গাগার দেহরক্ষী। এ বছরের জানুয়ারি পর্যন্ত গাগার হয়েই কাজ করেছেন ড্যানিশ বংশোদ্ভূত পিটার। এমনকি লেডি গাগার জনপ্রিয় অ্যালবাম ‘বর্ন দিস ওয়ে’-র একটি গানে কণ্ঠও দিয়েছেন পিটার।
কিছুদিন আগে অ্যাডেলের সঙ্গে দায়িত্ব পালনরত অবস্থায় এক সংবাদ সম্মেলনে পিটার ধরা পড়েন পাপারাজ্জিদের ক্যামেরায়। সে ছবির ওপর ভিত্তি করেই যুক্তরাষ্ট্রের ফ্যাশন ব্লগার ব্রায়ান বয় সুদর্শন পিটারকে নিয়ে একটি টুইট করে। আর অ্যাডেলের দেহরক্ষী নিয়ে আলোচনার সেই শুরু। হ্যালো ম্যাগাজিন।